আত্মবিশ্বাস হারাননি মাধুরী
ক্যারিয়ারের শুরুতে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল মাধুরী দীক্ষিতকে ।
আশি ও নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ক্যারিয়ারের শুরুতে অনেকে বলেছিলেন, চলচ্চিত্রে টিকে থাকতে পারবেন না তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
৪ জুন অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মাধুরী বলেন, “একজন নারীকে কোনো কাজের শুরুতেই নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি বলিউডে পা রাখার পরপরই নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল আমাকে। অনেকেই আমাকে বলেছিলেন এটি আমার স্থান নয়। তবে আমার নিজের উপর বিশ্বাস ছিল, তাই কাজের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছি আমি।”
তিনি আরও বলেন, “যখন কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয় তখনই নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা পাই আমরা।”
১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি যাত্রা শুরু করেন মাধুরী। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তার প্রথম সিনেমা। ১৯৮৭ সাল পর্যন্ত কোনো সিনেমাতেই তেমন একটা সাফল্য পাননি তিনি।
তবে ১৯৮৮ সালে মাধুরীর ‘তেজাব’ সিনেমাটি ওই বছরের সবচেয়ে বেশি আয়ের সিনেমার স্থান দখল করে নেয়। এরপরই তার সাফল্যের ধারা শুরু হয়। সে ধারায় তিনি উপহার দেন ‘রাম লক্ষণ’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘ত্রিদেব’, ‘দিল’, ‘সাজান’, ‘বেটা’, ‘মৃত্যুদণ্ড’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’-সহ আরও অনেক সিনেমা।।
এরপর ১৯৯৯ সালে শ্রীরাম নেনের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ সিনেমায় ২০০২ সালে অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালে আদিত্য চোপড়ার ‘আজা নাচলে’ সিনেমার মধ্য দিয়ে আবার বলিউডে পা রাখেন তিনি।
বর্তমানে চলচ্চিত্রের সঙ্গে সেভাবে যুক্ত না থেকেও জনপ্রিয়তা ধরে রেখেছেন মাধুরী। টিভিপর্দায় রিয়ালিটি ডান্স শো ‘ঝালাক দিখলা যা’-এর বিচারকের আসনে বসেছেন তিনি। অন্যদিকে নতুন অভিনেত্রী এবং আইটেম গার্লদের ভিড়েও আইটেম সংয়ের ক্ষেত্রে তার জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তাও প্রমাণ করেছেন ৪৬ বছর বয়সী ওই বলিউডি অভিনেত্রী। সম্প্রতি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার আইটেম সং ‘ঘাগরায়’ বর্তমান সময়ের অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে কাজ করেছেন তিনি।
