২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার দশকে অমিতাভ-জয়া

বলিউডি অভিনয়শিল্পী দম্পতি অমিতাভ এবং জয়া বচ্চন পূর্ণ করলেন তাদের বিবাহিত জীবনের চার দশক। সম্প্রতি তাদের চল্লিশ বছরের দাম্পত্য জীবনের নানা স্মৃতি উঠে এসেছে অমিতাভের ব্লগে। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 02:05 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

নিজের ব্লগে অমিতাভ পোস্ট করেছেন, “৪০ বছর! ০৩ জুন, ২০১৩, পূর্ণ হল আমাদের বিয়ের ৪০ বছর! জয়া এবং আমার বিয়ের চল্লিশ বছর! এ যেন এক জীবনকাল!’

দিনের শুরু থেকেই অনলাইনে শুভানুধ্যায়ীদের কাছ থেকে বিয়েবার্ষিকীর অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন অমিতাভ। সবাইকে টুইটারের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন তিনি।  

চল্লিশ বছর আগে বলিউডের প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী হওয়ার পরও অনাড়ম্বরভাবেই নিজেদের বিয়েটা সেরেছিলেন অমিতাভ-জয়া।

“এই তো সেদিনের কথা! বাবা-মাকে সঙ্গে নিয়ে মালাবার হিলস-এ বন্ধুর বাড়িতে ড্রাইভ করে গেলাম। শহরের দক্ষিণ অংশের ওই বাড়িতে পরিবার, কয়েকজন বন্ধু আর সংবাদমাধ্যমের পরিচিত কয়েকজনের উপস্থিতিতে কোনো ঝুট-ঝামেলা ছাড়াই দ্রুত বিয়েটা সেরে ফেলি আমরা।” নিজের বিয়ের দিনটিকে ব্লগে এভাবেই তুলে ধরেছেন বিগ বি।

মজার ব্যাপার হল, সত্তরের দশকের সিনেমা ‘জাঞ্জির’ হিট হলেই বিয়ের পিঁড়িতে বসবেন অমিতাভ-জয়া; নিজেদের মধ্যে এমনটাই ঠিক করে রেখেছিলেন তারা।

এ ব্যাপারে অমিতাভ বলেন, “একটা প্রতিশ্রুতি পূরণের মাধ্যমেই হয় আমাদের বিয়েটা; ঠিক ছিল আমাদের সিনেমা জাঞ্জির হিট হলেই বিয়ে করব আমরা। এখন চল্লিশ বছর পর, দুই সন্তান, ছেলের বৌ, মেয়ে-জামাই আর তিন নাতি-নাতনিকে নিয়ে জয়া আর আমার জীবন পরিপূর্ণ। ঈশ্বর আমাদের প্রতি সদয় সবসময়ই।”