এবার ফারুকীর দুই সিনেমা
পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুবোশহর’ নামে দুটি সিনেমা তৈরির ঘোষণা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী একসঙ্গে দুটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। পিঁপড়াবিদ্যা এবং ডুবোশহর শিরোনামের দুটি সিনেমা পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ফারুকী নিজে। প্রথম সিনেমাটি প্রযোজনা করছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও দ্বিতীয়টি ছবিয়াল।
৩ জুন চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিনেমা দুটির নাম ও অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেন তিনি। এতে জানানো হয় পিঁপড়াবিদ্যায় অভিনয় করছেন মুকিত জাকারিয়া, সাব্বির হাসান, নূর ইমরান মিঠু এবং ভারতের মডেল শিনা চৌহান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিক্রয় ও বিপণন পরিচালক ইবনে হাসান খান প্রমুখ।
ডুবোশহর-এ অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবীন চৌধুরী। চলচ্চিত্রটির অন্যান্য অভিনয় শিল্পীদের নাম এখনও চূড়ান্ত হয়নি।
সিনেমা দুটি সম্পর্কে ফারুকী বলেন, “পিঁপড়াবিদ্যা বর্তমান সময়ের গল্প, যা মধ্যবিত্ত পরিবারের এক যুবকের আশা, না-পাওয়া, অবদমিত বিষণ্নতা, সীমাবদ্ধতা লোভের কথা তুলে ধরবে। অন্যদিকে ‘ডুবোশহর’ চলচ্চিত্রে দেখা যাবে দুই উঠতি তরুণীর বন্ধুত্ব, তাদের প্রেমের অলিগলি।
এর আগে ২০১২ সালে চিত্রনাট্যটি ‘বিস্কুট রেস’ নামে ভারতের গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের ফিল্ম বাজার কো-প্রডাকশন মার্কেটে ২৬টি প্রজেক্টের সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কৃত হয় এবং দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কো-প্রডাকশন মার্কেটে অংশ নেয়।”
সিনেমা দুটির সিনেমাটোগ্রাফি করছেন গোলাম মওলা নবীর, সম্পাদনা খালেদ মাহমুদ রাজন, লোগো ও পোস্টার করবেন তৌহিন হাসান। মিউজিক করবেন বেশ কয়েকজন মিউজিশিয়ান।
