টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদ
‘টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদ’ গঠন করা হল।
বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় কর্মরত প্রযোজক, পরিচালক, নাট্যকার, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহকসহ পেশাজীবীদের নিয়ে ‘টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে।
২৬ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেশাজীবীদের অবস্থান সুসংহত ও সুদৃঢ় করার প্রত্যয়ে গঠন করা হল এ সংগঠন। সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য তারিক আনাম খানকে আহ্বায়ক করে ৩১ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন, মামুনুর রশীদ, সালাউদ্দিন লাভলু, মনোয়ার পাঠান, মোহন খান, আলী বশির, তুষার খান, শাকুর মজিদ, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, ওয়াহিদা মল্লিক জলি, আহসানুল হক মিনু, গিয়াসউদ্দিন সেলিম, গাজী রাকায়েত, জাহিদ হাসান, বৃন্দাবন দাস, চয়নিকা চৌধুরী, মাহফুজ আহমেদ, মুজিবুর রহমান মুজিব, অনিমেষ আইচ, পান্থ শাহরিয়ার, অরণ্য আনোয়ার, জিনাত হাকিম, আনজাম মাসুদ, গোলাম সোহরাব দোদুল, শাহরিয়ার শাকিল, তারিন, দীপংকর দীপন, বন্যা মির্জা প্রমুখ।
এ বিষয়ে মামুনুর রশীদ গ্লিটজকে বলেন, “পেশাজীবীদের একটা অবস্থানে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ। এর মাধ্যমে পেশাদারি দৃষ্টিভঙ্গী থেকে আরও মানসম্পন্ন শিল্প নির্মাণ করার চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, “এর আগে আমরা প্যাকেজ ফোরাম করেছিলাম ১৯৯৭ সালে। এরপর আরও করেছি শিল্পী পরিষদ, ডিরেক্টরস গিল্ড, প্রডিউসারস অ্যাসোসিয়েশন। ব্যক্তিবিশেষের উদাসীনতার কারণে সেসব সংগঠন কার্যকরী ভূমিকা রাখতে না পারলেও সবাইকে অন্তত এক জায়গায় দাঁড় করিয়েছিল।”
তিনি বলেন, “সংগঠন থেকে কোনো পরিচয়পত্র প্রদান করা হবে না। এটা অন্যান্যরা দিয়ে থাকে। সংগঠনটি সব ধরনের কাজকে সম্বন্বিত করে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে। পরবর্তীতে কাজের পরিধি বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, ৩১ মে বিকাল ৫ টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে টেলিভিশন মিডিয়ায় কর্মরত সকলকে নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে।
