২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাডোনার সঙ্গে ঐশ্বরিয়া

দাতব্য কাজে ম্যাডোনার সঙ্গে কনসার্টে অংশ নেবেন ঐশ্বরিয়া রাই।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 03:12 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

কান চলচ্চিত্র উৎসবের পর এবার একটি জমকালো কনসার্টে অংশ নেবেন বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ‘চাইম ফর চেঞ্জ’ নামের ওই চ্যারিটি কনসার্টে অংশগ্রহণ করবেন পপতারকা ম্যাডোনা এবং বিয়োন্সি নোলস। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জানা গেছে, ১ জুন অনুষ্ঠিতব্য এই কনসার্টে উপস্থাপকের ভূমিকায় থাকবেন ঐশ্বরিয়া। তার সঙ্গে যোগ দেবেন স্বামী অভিষেক বচ্চন। কনসার্টটি বিশ্বব্যাপী নারীদের অধিকার এবং ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কনসার্টের পরিচালক এবং ‘চাইম ফর চেঞ্জ’-এর সহ-উদ্যোক্তা বিয়োন্সি বলেন, “আমি খুবই আনন্দিত; কারণ চমৎকার সব শিল্পী এই কনসার্টে অংশগ্রহণ করতে এসেছেন। আমাদের উদ্দেশ্য হবে একসঙ্গে ভালো কিছু সময় কাটানো এবং পাশাপাশি বিশ্বব্যাপী নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।”

বিষয়টি নিয়ে ম্যাডোনা বলেন, “পৃথিবীজুড়ে যে শিশুরা স্কুলে যায় না, তাদের ৬০ শতাংশই হল মেয়েশিশু। সেই হিসেবে পৃথিবীর দুই-তৃতীয়াংশ নারী অশিক্ষিত। আমি এটা মেনে নিতে পারি না। আমাদের এ অবস্থা বদলাতে হবে এবং আমরা বদলাব।”

ম্যাডোনা আরও জানান, কনসার্টে গান না গাইলেও ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থাপনা করবেন তিনি।

এছাড়াও মঞ্চে থাকবেন ফ্রিদা পিন্টো এবং অস্কার বিজয়ী হলিউডি অভিনেত্রী জেসিকা চেস্টেইনের মতো তারকা।