২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল জন্মবার্ষিকীতে ‘বাঁধনহারা পালক

কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে নাটক ‘বাঁধনহারা পালক’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 03:04 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাঁধনহারা পালক’। কবির ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে নাটকটি রচনা করেছেন শুভাশিস সিনহা এবং পরিচালনা করেছেন জাহেদ নবী। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সোহানা সাবা। অতিথি চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার।

জাহেদ নবী বলেন, “নাটকে দেখা যাবে, এক যুবক স্বপ্নে তার সাবেক প্রেমিকাকে দেখে। তার প্রেমিকার সব ছলনা সামনে ভেসে আসে। সে সময় অধরা নামে একটি মেয়ে তার ঘুম ভেঙে দেয়। নানা ঘটনায় তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। কিছুদিন পর যুবক সেই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কবিতা লেখায় মনোনিবেশ করে। বিনোদনের জন্য সে জলসাঘরে যায়। সেই জলসাঘরে অধরার গাওয়া একটা গান শুনতে পেয়ে জলসাঘরের এক মেয়ের সঙ্গে সে অধরার বাসায় যায়। সেখানে গিয়ে আগের অধরাকে না পেয়ে বর্তমানের অধরাকে দেখে অনেক কষ্ট পায়। পরিশেষে, অনেকগুলো ঘুমের ওষুধ হাতে নিয়ে ভাবতে থাকে সে কি করবে। যুবক অন্য জীবন বেছে নেবে না আত্মহত্যা করবে তা জানা যাবে নাটকের শেষ দৃশ্যে।”

জাহেদ আরও বলেন, “এতে স্বপ্নে দেখা অধরার চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার। আর বাস্তবের অধরার চরিত্রে দেখা যাবে সোহানা সাবাকে। আর এ নাটকে প্রথম বারের মতো অভিনয় করেছেন নাচো ম্যাংগলি নাচো’ এর বিজয়ী জয়ন্তী বণিক। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।”

বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারিত হবে ২৫ মে, শনিবার, রাত ৯টা ০৫ মিনিটে।