২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করবেন সঞ্জয়

পুনের ইয়েরওয়াদা জেলে আত্মসমর্পণের জন্য করা আপিল তুলে নিয়েছেন সঞ্জয় দত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 01:30 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে সংযুক্তদের কাছ থেকে অস্ত্র কেনার অভিযোগে ভারতীয় অস্ত্র আইনের আওতায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। কিছুদিন আগে তিনি হুমকির সম্মুখীন হচ্ছেন এমন কথা জানিয়ে আদালতে পুনের ইয়েরওয়াদা জেলে আত্মসমর্পণ করার অনুমতি চেয়ে আপিল করেছিলেন তিনি। তবে ওই আপিল তুলে নিয়ে ১৬ মে তিনি মুম্বাইয়েই আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছে এনডিটিভি।

সঞ্জয় এরই মধ্যে ১৮ মাস কারাভোগ করেছেন। বাকি ৪২ মাসের কারাদণ্ডে আত্মসমর্পণের জন্য কিছু বেশি সময় চেয়ে আপিল করলে ১০ মে তা প্রত্যাখ্যান করেন দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে সঞ্জয়কে ৪ মাসের অতিরিক্ত সময় দিয়েছিলেন আদালত। এরপরই টাডা কোর্টে পুনেতে আত্মসমর্পণের অনুমতি চেয়ে একটি দরখাস্ত করেন তিনি।

বোমা হামলার সঙ্গে সম্পৃক্তদের কাছ থেকে অবৈধভাবে ৯ এমএম পিস্তল, একটি একে-৫৬ রাইফেল কেনার অভিযোগে টাডা আদালত ভারতীয় অস্ত্র আইনের আওতায় ৫৩ বছর বয়সী ওই অভিনেতাকে কারাদণ্ড দেন। ওই বোমা হামলার ঘটনায় ২৫৭ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছিল।