অপেক্ষার ফটোগ্রাফি
নিশো-মেহজাবিন অভিনীত নতুন নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’
সম্প্রতি তৈরি হয়েছে এক ঘণ্টার নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, আফরান নিশো। আরও অভিনয় করেছেন মম শিউলি, শান্তা জাহান, দেওয়ান শাওন, আলোক প্রমুখ। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিখর শাহনিয়াত।
শাহনিয়াত এ বিষয়ে গ্লিটজকে বলেন, “নাটকে ফটোগ্রাফার শিমুলের চরিত্রে অভিনয় করেছেন নিশো। এতে দেখা যাবে তার তোলা ছবির প্রদর্শনী দেখতে এসে বন্ধুত্ব হয় নীলিমার সঙ্গে। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু একটি ভুল বোঝাবুঝি থেকে তাদের বিচ্ছেদ হয়। ফটোগ্রাফার দেশের বাইরে চলে যায়। তার স্মৃতিকে আকড়ে ধরে এবারে ফটোগ্রাফি শুরু করে মেয়েটি। নীলিমার ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন।”
তিনি আরও বলেন, “নাটকটির ক্যামেরার কাজ করেছেন মোস্তাক মোরশেদ ও সম্পাদনা করছেন ময়ুখ বারী। এপ্রিল ব্রিজস্টুডিও প্রযোজিত নাটকটি ১ জুন এনটিভিতে রাত নয়টায় প্রচারিত হবে।”
