‘বাংলাদেশের মুখোশ’ প্রদর্শনী
গ্যালারি জলরং-এ শুরু হয়েছে ‘বাংলাদেশের মুখোশ’ শীর্ষক একটি প্রদর্শনী। এটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক শিল্পী হামিদুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী আইভি জামান খান, সুকুমার পাল, সাইদুল হক জুইস প্রমুখ।
বর্তমানে বাংলাদেশে দুই ধরার মুখোশ দেখা যায়- একটি লোকায়ত বা ঐতিহ্যবাহী ধারা; অন্যটি শহুরে চারুশিল্পীদের নির্মিত আধুনিক ধারা। ঐতিহ্যবাহী ও আধুনিক এই উভয় ধারার মুখোশ নিয়ে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ৩০ জন শিল্পীর মুখোশ দিয়ে সাজানো হয়েছে এই বিশেষ প্রদর্শনীটি।
৮ মার্চ থেকে ২ এপ্রিল গ্যালারি জলরং আয়োজিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তরুণ শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হওয়া মুখোশ নির্মাণ কর্মশালায় বানানো মুখোশ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত ঐতিহ্যবাহী মুখোশ থাকছে এই প্রদর্শনীতে।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শাওন আকন্দ। মুখোশ নিয়ে আলোচনা করেন শিল্পী সাইদুল হক জুইস। তিনি বলেন যে, “মুখোশের চর্চা বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি চর্চারই ধারাবাহিকতা। এদেশের তরুণ শিল্পীরা মুখোশের চর্চাকে এগিয়ে নিয়ে যাবে।”
