২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি বর্ষবরণ

বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বসবাস করেন বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। নানা আয়োজনের মধ্য দিয়ে তারা পালন করে থাকেন বর্ষবরণ উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুস্তাফিজ মামুন, জ্যেষ্ঠ আলোকচিত্রগ্রাহক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 02:11 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই বর্ষবরণের এ উৎসব পালন করেন বিভিন্ন নামে। কেউ বৈসু, কেউ সাংগ্রাই আবার কেউ বিজু। গোটা পার্বত্য এলাকায় এ উৎসব এখন বৈসাবি নামেই পরিচিত। বৈসুক, সাংগ্রাই আর বিজু এই তিন নামের আদ্যাক্ষর নিয়েই বৈসাবি শব্দের উৎপত্তি। ইচ্ছে করলে আপনিও ঘুরে আসতে পারেন কোনো একটি উৎসব থেকে।

সাংগ্রাই উৎসব, কক্সবাজার 

কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালন করেন বাংলা নববর্ষ।  চৈত্র সংক্রান্তি থেকে এ উৎসব শুরু হয়ে চলে প্রায় সপ্তাহজুড়ে। তবে এর আকর্ষণীয় পর্ব পানিখেলা শুরু হয় বৈশাখের চতুর্থ দিন থেকে। আর চলে ষষ্ঠ দিন পর্যন্ত। সাধারণত ইংরেজি তারিখের হিসেবে সেটা ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল। উৎসবের পয়লা বৈশাখে অর্থাৎ ১৪ এপ্রিল রাখাইন বৃদ্ধ-বৃদ্ধারা অষ্টশীল পালনের জন্য মন্দিরে যান। এদিন বুদ্ধমূর্তিকে চন্দনজলে স্নান করানোর পরে বৃদ্ধ-বৃদ্ধারাও স্নান করেন এবং নতুন পোশাক পরেন।

কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের এ উৎসবের মূল জায়গা হল শহরের চাউল বাজার সড়কের টেকপাড়া। বাড়ির আঙিনায় আঙিনায় এখানে চলে পানিখেলার আয়োজন। সঙ্গে রাখাইন সম্প্রদায়ের সব বয়সের নারী পুরুষের সম্মিলিত নাচ আর গান। মূল উৎসবে রাখাইন যুবকরা বাদ্য আর গানের তালে তালে এসে উপস্থিত হন বিভিন্ন বাড়ির আঙিনায়। সেখানে ফুলে ফুলে সজ্জিত প্যান্ডেলের ভেতরে পানি নিয়ে অপেক্ষা করেন রাখাইন তরুণীরা। চলে একে অপরকে পানি ছিটানো। পানিকে পবিত্রতার প্রতীক ধরে নিয়ে রাখাইন তরুণ-তরুণীরা পানি ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেন। পুরনো বছরের সব কালিমা আর জীর্ণতাকে ধুয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা। সাংগ্রাই উৎসব উপলক্ষে এ সময়ে সবাই নতুন পোশাক পরেন। রাখাইনদের সাংগ্রাই উৎসব বৈচিত্র্যে পরিপূর্ণ। যেভাবে যাবেন

সড়ক বা আকাশ পথে সরাসরি কক্সবাজার আসতে পারেন। সড়কপথে এস আলম, সৌদিয়া, শ্যামলী, ইউনিক ইত্যাদি পরিবহনের নন এসি বাসে ভাড়া ৭৫০-৮৫০ টাকা। গ্রিন লাইন, সোহাগ, এস আলম, টি আর ট্রাভেলস ইত্যাদি পরিবহনের এসি বাসে ভাড়া ১৩৫০-২০৫০ টাকা। এছাড়া ঢাকা থেকে ইউনাইটেড এয়ার, রিজেন্ট এয়ার ও নভো এয়ারের বিমানে সরাসরি যেতে পারেন কক্সবাজার।

যেথায় থাকবেন

কক্সবাজারে থাকার জন্য এখন প্রচুর হোটেল রয়েছে। ধরন অনুযায়ী এ সব হোটেলের প্রতিদিনের কক্ষ ভাড়া ৮০০-২০০০০ টাকা। এ সময়ে কক্সবাজারের হোটেলগুলোতে অফ সিজন ছাড় পেতে পারেন।

বৈসাবি উৎসব

বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করেন বর্ষবরণ। এ উৎসব মূলত হয় চৈত্রের শেষ দুদিন এবং বৈশাখের শুরুর দিনটায়। চাকমা সম্প্রদায় এই দিন তিনটি যথাক্রমে ফুল বিজু, মূল বিজু এবং গজ্জ্যেপজ্জ্যে নামে পালন করে থাকে। মারমা সম্প্রদায় দিন তিনটিকে যথাক্রমে পাইং ছোয়াই, সাংগ্রাই আফ এবং সাংগ্রাই আপ্যাইং নামে পালন করে থাকে। ত্রিপুরা সম্প্রদায় এ দিন তিনটিকে পালন করে থাকে হারি বৈসু, বৈসুকমা এবং বিসিকাতাল নামে। ভিন্ন ভিন্ন নামে দিন তিনটি পালন করা হলেও উৎসবের রীতি-নীতি বেশিরভাগই একই রকম। শুরুর দিনটায় তারা নিজ নিজ ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে। ছেলেমেয়েরা খুব ভোরে ফুল সংগ্রহ করে ঘর সাজায়। কিশোর-কিশোরী বৃদ্ধ-বৃদ্ধাদের স্নান করায়। দ্বিতীয় দিনে সবার ঘরে নানান পদের খাবারের আয়োজন থাকে। এদিন প্রত্যেকে প্রত্যেকের ঘরে যান। সবার ঘরেই এদিন রান্না করা হয় বিভিন্ন রকম সবজি দিয়ে বিশেষ একপদ ‘পাজন’। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সুরাও এদিন পরিবেশন করা হয়। তৃতীয় দিন বিহারে ধর্মানুষ্ঠানের আয়োজন থাকে। শেষ দিনে মারমা সম্প্রদায়ের বিশেষ আয়োজন হলো ‘রিলং পোয়েহ্‌ বা পানিখেলা। ত্রিপুরা সম্প্রদায় এদিন আয়োজন করে থাকে গড়াইয়া নৃত্যের। বান্দরবান শহরের রাজবাড়ির মাঠে প্রতিবছর পালন করা হয় পানি খেলা উৎসবের। এ পানি খেলায় মূলত অংশ নেন মারমা তরুণ-তরুণীরা। যেভাবে যাবেন

ঢাকার কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর থেকে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সরাসরি বাস সার্ভিস আছে। এ পথে নিয়মিত চলাচল করে ডলফিন, শ্যামলি, এস আলম, সৌদিয়া প্রভৃতি পরিবহনের বাস। এছাড়া যে কোন পথে চট্টগ্রাম গিয়ে সেখান থেকেও সহজেই রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসা যায়। শহরের বহদ্দার হাট এলাকা থেকে জায়গা তিনটির বাস ছাড়ে।

থাকার জায়গা

বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল ছাড়াও বেসরকারি বিভিন্ন মানের হোটেল-মোটেল আছে। এসব হোটেলে ৮০০-৩৫০০ টাকায় রাতযাপনের ব্যবস্থা আছে।

ছবি: লেখক ও ইমদাদুল ইসলাম বিটু