২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙ্গালীয়ানায় টিশার্ট

আধুনিক পোশাক হিসেবে টিশার্ট গরমে পরে যেমন আরাম তেমনি স্বল্প দাম। তাই প্রায় সবার কাছেই এই পোশাকটির কদর আকাশচুম্বী। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটটিকে বলা যেতে পারে টিশার্টের খনি। পহেলা বৈশাখ উপলক্ষ্যে এখানকার দোকানগুলো টিশার্টের নকশায় ফুটিয়ে তুলেছে বাঙ্গালীয় চিরায়ত উপাদানগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস, প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 02:07 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

মার্কেটির নীচতলার দোকান ‘বরন’। তারা  ৫টি মৌলিক ডিজাইনের টিশার্ট এনেছে। দাম পড়বে ২০০ থেকে ২৮০ টাকা।  বাচ্চাদের টিশার্ট ১৭০ টাকা।

নীচতলারই আরেকটি হাউস ‘প্রচ্ছদ’। আকর্ষণীয় ১০টি টিশার্ট থেকে বেছে নিতে পারবেন ক্রেতারা। দাম ২০০ থেকে ২২০ টাকা।

চমৎকার ও ছিমছাম ভাবে সাজানো ফ্যাশন হাউস ‘মেঘ’। অন্দরসজ্জায় বাঙ্গালীপনা সুস্পষ্ট। টিশার্ট এর নকশার উপদান হিসেবে স্থান পেয়েছে বাঙালী সংস্কৃতির চিরায়ত কিছু বিষয়- ঢোল, পেঁচা বা কাঠের খেলনা পুতুলের মোটিফ। সব মিলিয়ে প্রায় ১৬টির মতো টিশার্টের সম্ভার থেকে বেছে নিতে পারেন ২২০ থেকে ২৮০ টাকার মধ্যে। বাচ্চাদের জন্য দাম পড়বে ১৮০ টাকা।    

‘রূপকথা’র কর্ণধার কমল পাল জানালেন বৈশাখ উপলক্ষ্যে ব্যাপক আয়োজনের কথা। প্রায় ২০টির মতো টিশার্ট ইতোমধ্যে ক্রেতাদের জন্য প্রদর্শিত হচ্ছে। বাঙ্গালীর চিরন্তন মোটিফগুলিই ফুটে উঠেছে স্ক্রিনপ্রিন্ট করা সুতির তৈরি টিশার্টে। ২০০ থেকে ৩০০ টাকা দাম। ছোটদের জন্য ৬টি ডিজাইন, ২০০ টাকা করে প্রতিটি।

২য় তলার ‘নালন্দা’ বড়দের জন্য এনেছে ৫ ধরনের টিশার্ট ও ছোটদের ১০টি ডিজাইন। বড়দের ২৫০ টাকা, ছোটদের ১৮০ টাকা।

‘নিত্য উপহার’ ছাড়া আজিজ সুপার মার্কেটের টিশার্ট নিয়ে কথা বলা অসম্ভব বললে খুব একটা ভুল হবেনা। বলা যেতে পারে বাংলাদেশের নান্দনিক টিশার্টের বাজারজাত করার পথিকৃত এই ফ্যাশন হাউসটি। দেশসেরা কয়েকজন চিত্রশিল্পী পর্যন্ত নকশা করেছেন নিত্য উপহার এর জন্য। এবারের বৈশাখেও আছে প্রায় ১৫টির মতো রকমারি টিশার্ট। ২৫০ টাকা করে প্রতিটি। ছোটদের জন্য আছে ১০ ধরনের টিশার্ট। দাম পড়বে ১৮০ টাকা করে। পুরো মার্কেটের নীচ ও তৃতীয় তলায় আছে ‘নিত্য উপহার’-এর বেশ কয়েকটি বিক্রয়কেন্দ্র।    

ছবি: রূপকথা