দেখে আসুন হেরিটেজ পার্ক
দেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর হুবহু নকল আর চমৎকার সব রাইড নিয়ে গড়ে তোলা হয়েছে হেরিটেজ পার্ক। সাভারের জামগড়াতে ফ্যান্ট্যাসি কিংডমের পাশেই এর অবস্থান। বিনোদনপ্রেমী বাঙালীকে দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় ও চমৎকার সব রাইডে চড়ার সুযোগ রয়েছে এখানে। কনকর্ড গ্রুপের তৈরি এই পার্কে এলে দেখতে পাবেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য কীর্তিগুলোর হুবহু নকল বা রেপ্লিকা।
শুধু আকার-আকৃতিতে কম, তবে দেখতে এক্কেবারে আসলটির মত। হেরিটেজ পার্কে যেসব পুরাকীর্তি রয়েছে সেগুলোর ইতিহাস আর বর্ণনাও দেয়া আছে রেপ্লিকাগুলোর সামনে।
ষাট গম্বুজ মসজিদ
প্রায় পাঁচশ বছরের বেশি আগে নির্মিত। এ মসজিদটি বাগেরহাট জেলার খান-ই-জাহানের মাজারের কয়েক কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। অথচ মসজিদটিকে দেখার জন্য কষ্ট করে বাগেরহাট পর্যন্ত যেতে হবে না। হেরিটেজ পার্কে এলেই তা দেখা হয়ে যাবে। মসজিদটির রেপ্লিকা দেখেই মনে হবে বাগেরহাটের মসজিদকে এখানে তুলে এনে বসানো হয়েছে।
চুনাখোলা মসজিদ
বাগেরহাটের চুনাখোলায় এ মসজিদটি অবস্থিত। পনেরশ শতকের দিকে অর্থাৎ সুলতান আমলে এটি নির্মিত হয়েছে। এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতি এবং পোড়ামাটির ইটের তৈরি এ মসজিদটি অপরূপ সৌন্দর্য মন্ডিত।
কান্তজীর মন্দির
দিনাজপুর শহর থেকে ২০ কি.মি. উত্তরে ঢেপা নদীর পাড়ে কান্ত নগরে কান্তজীর মন্দিরটি অবস্থিত। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ও রামনাথ ১৭২২ সাল থেকে শুরু করে ১৭৫২ সাল পর্যন্ত এটি নির্মাণ করেন। বাংলাদেশে মাটির তৈরি স্থাপত্যের ইতিহাসে অনন্য সুন্দর, দৃষ্টিনন্দন নিদর্শন কান্তজীর মন্দির। এটির গায়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত, কৃষ্ণ-লীলার কাহিনী এবং মোঘল সম্রাটদের জীবনযাত্রার চিত্রকর্ম অপূর্ব সমারোহে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। রেপ্লিকাটিতেও রয়েছে সেগুলোর নিঁখুত প্রদর্শন।
সীতাকোট বিহার
সপ্তম থেকে অষ্টম শতকে সীতাকোট বিহারটি নির্মিত হয়েছে। এ বিহারটি দিনাজপুর জেলার সীতাকোটে অবস্থিত। যেটির নকলটি রয়েছে হেরিটেজ পার্কে।
পাহাড়পুর বৌদ্ধবিহার
বাংলাদেশের সর্ববৃহৎ বৌদ্ধবিহার এটি। নওগাঁ জেলা থেকে ৩৪ কি.মি. দক্ষিণে অবস্থিত। দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপাল দেব (৭৭৭-৮১০ খ্রি. রাজত্বকালে) এই বিহার তৈরি করেছিলেন। এর প্রকৃত নাম সোমপুর, বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এর নাম রয়েছে।
পুঠিয়া রাজবাড়ী
অত্যন্ত সুষমামন্ডিত এই রাজবাড়িটি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত। এই উপজেলার প্রতিষ্ঠাতা মূলত পিতাম্বর রায়। পুটিয়ার এই রাজবাড়িটি ১৮৯৫ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। সূক্ষ্ম কাঠের কাজ, ঢালাই লোহার কারুকার্যমন্ডিত ব্যবহার ও রঙমিস্ত্রিদের শিল্প-সৌন্দর্যের সার্থক ব্যবহার ঘটানো হয়েছে রাজবাড়িটিতে।
আহসান মঞ্জিল
রাজধানী ঢাকার অন্যতম সেরা নিদর্শন আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর উত্তর তীর ঘেঁষে পুরাতন ঢাকার ইসলামপুর এলাকায় এটির অবস্থান। সেটারই হুবহু নকল তৈরি করে রাখা হয়েছে হেরিটেজ পার্কে। ফরিদপুরের জমিদার এনায়েতউল্লাহ আসল অট্টালিকাটি নির্মাণ করেছিলেন। পরে তা ফরাসি বণিকরা কিনে নেন। তাদের কাছ থেকে ঢাকার নবাব পরিবারের আদিপুরুষ আলিমুল্লাহ ১৮৩৫ সালে এর মালিক হন। ১৮৭২ সালে নবাব আব্দুল গনি বাড়িটি পুনঃনির্মাণ করে নিজের ছেলের নামে নাম দেন আহসান মঞ্জিল। ঢাকাবাসীরা একে নবাববাড়ি নামেই চিনত।
সংসদ ভবন
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনার রেপ্লিকাটি দেখতে পাবেন হেরিটেজ পার্কে। আসল সংসদ ভবনটি ২১৫ একর জমির ওপর নির্মিত। এটির কাজ শুরু হয় পাকিস্তানি আমলে অর্থাৎ ১৯৬৪-৬৫ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থপতি লূই আই কান ভবনটির নকশা তৈরি করেন। নয়তলা বিশিষ্ট এ ভবনটির ব্যয় ছিল ১৯৭ কোটি টাকা। তবে হেরিটেজ পার্কের নকলটি তৈরি করতে কতো লেগেছে তা অবশ্য জানাননি কর্তৃপক্ষ।
জাতীয় স্মৃতিসৌধ
১৯৭১ সালে ৩০ লাখ বাঙ্গালীর আত্মত্যাগের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য ১৯৭৮-৮২ সালে সাভারে এটি নির্মাণ করা হয়। প্রাকৃতিক লেকের নয়নাভিরাম ক্যানভাসে আঁকা স্মৃতিসৌধটির এলাকার আয়তন ১২৬ একর। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। সাতটি জোড়া ত্রিভুজাকার দেয়ালের মাধ্যমে ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে সৌধটি ১৫০ ফুট উচ্চতায় পৌঁছেছে। সাতজোড়া দেয়াল এদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ক্রমকালের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। হেরিটেজ পার্কের রেপ্লিকাতেও ঠিক একইভাবে নির্মাণ করা হয়েছে।
লালবাগ কেল্লা (দরবার হল)
মোঘল যুগের অন্যতম স্থাপত্য কীর্তি লালবাগের কেল্লা। সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে-ঢাকার মোঘল শাসক সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা আজম দুর্গটি তৈরি শুরু করেন। নবাব শায়েস্তা খানের আমলে দুর্গের কাজ শেষ হয়। চারদিকে প্রাচীর বেষ্টিত এ দুর্গের রঙ অনেকটা লালমাটির মতো। দক্ষিণদিকের তোরণটি স্থাপত্য নিদর্শনের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয়। দুর্গের উত্তরেও রয়েছে আরেকটি সদর তোরণ। নিচতলায় পূর্ব দেয়ালে ৭টি দরজা রয়েছে। এক সময়ে নবাব সায়েস্তা খান এ ভবনেই বসবাস করতেন। হেরিটেজ পার্কে অবস্থিত লালবাগ কেল্লার দরবার হলটির রেপ্লিকা নির্মাণ করে চালু করা হয়েছে রেস্টুরেন্ট।
এছাড়া গ্রিন মেমোরিয়ালসহ আরো ছোট ছোট বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। আরও আছে ৩৭টির মত মজাদার রাইডস। ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন দেখে নেওয়ার ফাঁকে ফাঁকে স্বপরিবারের উপভোগ করতে পারবেন মজার মজার রোমাঞ্চকর সব রাইড। যেগুলোর মধ্যে আছে - জায়ান্ট ফেরিস হুইল, পাইরেট শিপ, ড্রাই স্লাইড, কফি কাপ, ব্যাটারি কার, ফ্যামিলি ট্রেন, ফ্লুম রাইড, সার্কাস সুইং, প্যাডেল বোট ইত্যাদি। শিশুদের নির্মল ও নিরন্তর আনন্দের জন্য রয়েছে বাউন্সি স্লাইড রাইড। খাওয়া-দাওয়ার জন্য রয়েছে অত্যাধুনিক ফুড কোর্ট ও রেস্টুরেন্ট। এছাড়া ফ্যান্টাসি কিংডমে আসলে আরও পাবেন ওয়াটার কিংডমে অবস্থিত মোটেল আটলান্টিস এবং এক্সট্রিম রেসিং গো-কার্টে ভ্রমণের সুযোগ।
যেভাবে যাবেন: ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম এবং হেরিটেজ পার্কে যাওয়ার জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে কনকর্ড কর্তৃপক্ষ। বাসগুলো শ্যামলী, মালিবাগ, মতিঝিল গুলশান ও উত্তরা থেকে দিনের বিভিন্ন সময় ছাড়ে। সর্বনিম্ন ৫০ জনের দল হলে যাওয়া এবং আসা ৬০০০ টাকা থেকে ৭০০০ টাকা। এছাড়া হানিফ, সুপার ও বিআরটিসি বাস-এ করেও যাওয়া যায়।
প্রবেশ মূল্য: জন প্রতি প্রবেশ মূল্য ১০০ টাকা। তবে তিন ফুটের কম উচ্চতার বাচ্চাদের জন্য টাকা লাগবে না। প্যাকেজের মধ্যে আছে ১৮০ টাকায় প্রবেশ মূল্যসহ সব রাইড একবার চড়ার টিকিট।
দর্শনার্থীদের সুবিধার্থে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ও অন্যান্য দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকে।
