২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসে আমাদের মেয়েরা

এ প্রমিস ইজ এ প্রমিস: টাইম ফর অ্যাকশন টু এন্ড ভায়োলেন্স আগেন্সট ওমেন’ জাতিসংঘের এই স্লোগান নিয়ে পালিত হচ্ছে এবারের বিশ্ব নারী দিবস। আমাদের দেশে নারী নির্যাতন প্রতিরোধে অনেক কাজ হচ্ছে। তারপরেও কোননা কোনভাবে নির্যাতিত হচ্ছেন নারীরা। নিরাপত্তার অভাব রয়েই যাচ্ছে।

লাইফস্টাইল ডেস্ক

মরিয়ম মনি, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 03:52 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

ফেইসবুক থেকে পাওয়া একটি সত্য ঘটনা। একটি অফিসে কাজ করেন সদ্য স্নাতক পাশ করা এক তরুণী। বেশিদিন হয়নি এই অফিসে কাজ করা শুরু হয়েছে তার। অফিসের অন্যান্য ছেলে-মেয়ে সহকর্মীদের সাথে দিনে দিনে সখ্যতাও গড়ে উঠছে। তবে পদমর্যাদায় একটু বড় একজন কর্মকর্তা’র দৃষ্টিভঙ্গী মেয়েটির পছন্দ হয়নি। তার কথাবার্তাও খুব একটা সৌজন্যমূলক নয়। একদিন সেই কর্মকর্তা মেয়েটিকে বলেই বসলেন, “আপনি আগামীকাল থেকে অন্যকোন পোশাক পরে আসবেন। শাড়ি কিংবা সালোয়ার কামিজ। ফতুয়া প্যান্ট পরে আসেন- এতে আমার সমস্যা হয়।” এই কথা শুনে প্রথমে মেয়েটির চোখ ছানাবড়া। তবে সাথে সাথেই সামলিয়ে নিয়ে তার তড়িৎ উত্তর ছিল, “স্যার আপনিও কাল থেকে জিন্স না পরে ঢিলেঢালা প্যান্ট পরে আসবেন। আপনার আটোসাটো জিন্স পরা দেখলে আমারও সমস্যা হয়।” ইট মারলে পাটকেলটিও খেতে হয় সেটি বোধ এইবার প্রথম টের পেলেন ওই কর্মকর্তা।

আর এর থেকেই বোঝা যায়, এদেশের মেয়েরা আর অবলা নয়। তারা কথার বিপরীতে কথা বলতে শিখেছে। নিজেদের সম্মান নিজেরাই বজায় রেখে চলেছেন। তারপরেও ঘটে যায় অনেক অশুভ ঘটনা।

এ সময়ে নারীর বর্তমান অবস্থান, নারী অগ্রগতিতে বিভিন্ন সংগঠনের ভূমিকা এবং নারীর প্রতি এখনও সহিংসতা চলমান, তা থেকে উত্তরণের উপায় প্রসঙ্গে কথা বলেছেন নারী আন্দোলনের অন্যতম সংগঠনগুলোর কয়েকজন নারী নেত্রী।

শিরীন আক্তার

সভাপতি, কর্মজীবী নারী

নারী শ্রমিকরা এক সময় তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য মাঠে নেমেছিল। সেই থেকে মূলত নারী দিবসের সূত্রপাত। এবার নারী দিবস পালিত হবে ৮ মার্চ অথচ গার্মেন্টসের অগ্নিকান্ডে নিহত শ্রমিকের অধিকাংশই ছিল নারী শ্রমিক। আংশিকভাবে বিবেচনা করলে দেখা যাবে, নারীরা এখনও মুক্ত না। তবে সামগ্রিকভাবে বিবেচনা করলে দেখা যাবে, নারীর মর্যাদার দাবি, ভোটার তালিকাসহ আমাদের দাবিগুলোর মোটামুটি পূরণ হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় আমাদের নারীর যোগ দিচ্ছেন। সেনাবাহিনী, বিমানবালা, পুলিশ এমনকি দেশ গঠনে সব জায়গাতেই নারী আছেন। এরপরেও কিছু অসমতা এখনও রয়েছে। এখনও নারী নির্যাতন বন্ধ হয়নি। পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই না হলে আমরা মুক্তি পাব না। তাই আমাদের এখন পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে মাঠে নামতে হবে।

সামিয়া আফরিন

সিনিয়র প্রোজেক্ট অফিসার, নারীপক্ষ

নারী দিবসের এত দিনেও নারীদের খুব বেশি অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। এখনও অনেক নারী তার বিয়ে বিষয়ে মতামত প্রদান করতে পারেন না। সন্তানের অভিভাবকত্ব দাবি করতে পারেন না। অনেকেই পরিবার থেকে পূর্ণ স্বাধীনতা পায় না। কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা কাজ করলেও তাদের সে আয় স্বাধীনভাবে নিজের ইচ্ছে অনুযায়ী খরচ করতে পারছেন না। বর্তমান সরকারের আমলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের উপস্থিতি বেশি হলেও এখনও পুরুষের তুলনায় অনেক কম। ৮ মার্চ একদিকে আমরা যখন নারী দিবস পালন করছি, অন্যদিকে হয়তো কোন নারী সহিংসতার শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণের জন্য কয়েক দশক ধরে সরকারি ও বেসরকারিভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে সরকারিভাবে পদক্ষেপে নিলেও তার বাস্তবায়ন হচ্ছে না। আবার বেসরকারিভাবে পদক্ষেপ নিচ্ছে তবে তা প্রকল্প ভিত্তিক হয়ে যাচ্ছে। সর্বোপরি কথা হচ্ছে সবাই মিলে সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে। নারীর অগ্রগতির জন্য আমাদের সংগঠন থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নারীর অধিকার আদায়ের জন্য একটি বিশেষ প্যাকেজ রয়েছে। আমরা চেষ্টা করছি তৃণমূল নারীদের অধিকার সম্পর্কে সচেতন। তাদের অধিকার বোধ তৈরি করার চেষ্টা করছি।

রোকেয়া কবির

নির্বাহী পরিচালক, নারী প্রগতি সংঘ

সারা পৃথিবীতে নারীর অনেক অগ্রগতি হয়েছে। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। গ্লোবাল উইমেন কনফারেন্স হয়েছে। বর্তমানে রাজনীতিতে নারীর দৃপ্ত পদচারণা ঘটছে। তবে এটা হচ্ছে আমাদের সমাজের নারীদের একটা চিত্র। অন্যচিত্র তুলে ধরলে দেখা যাবে সেখানে এখনও নারীরা ফতোয়ার শিকার হচ্ছেন, এসিড সন্ত্রাসের শিকার হচ্ছেন। এখনও পারিবারিকভাবে নারীরা প্রায় শতকরা ৬৪ ভাগ সহিসংসতার শিকার হচ্ছেন। মাতৃ মৃত্যুর হার বছরে প্রায় ২১ হাজার । এখনও দূর হয়নি নারী-পুরুষের বৈষম্য। শিক্ষা ক্ষেত্রে যৌন হয়রানি এখনও নির্মূল করা সম্ভব হয়নি। ১৮৫৭ সালে নারী যেসব বিষয়ে আন্দোলন শুরু করেছিল তা হচ্ছে ৮ ঘণ্টা শ্রম, মাতৃত্বকালীন ছুটি, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের পরিবেশ ইত্যাদি। এত বছর পর এসেও আমাদের একই আন্দোলন করতে হচ্ছে। ভেবে দেখার বিষয়, এখনও আমরা কোন দেশে বাস করছি। নারীদের ক্ষমতায়ন বিষয়ে আমরা ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছি। ১৯৯২-৯৩ সাল থেকে নিয়মিত মিডিয়ার সঙ্গে কাজ করছি। একই সময়ে মুক্তিযুদ্ধে যেসব নারী যুদ্ধ করেছেন তাদের নিয়ে বিভিন্ন কাজ করেছি। ১৯৯৬ সালে তাদের সম্মাননা প্রদান করেছি। ১৯৭২-৭৩ সাল থেকেই নারী শিক্ষার বিষয়ে কাজ করে যাচ্ছি। নারীর সমঅধিকারের জন্য পত্রিকা বের করেছি। ২০০০ সাল থেকে নারীর বাজেট নিয়ে কাজ করছি। নারী বিষয়ে বহুমাত্রিক কাজের পাশাপাশি সংখ্যালঘু আদিবাসীদের নিয়ে কাজ করছি। উইমেন নেটওয়ার্ক, ডেমোক্রাসি ফোরামসহ বিভিন্ন ফোরাম গড়ে তুলেছি। 

আয়শা খানম

সভাপতি, মহিলা পরিষদ

এ যে শুধু নারীর অধিকার তা কিন্তু নয়, ২০০-৩০০ বছরের যে মানবসভ্যতা তার কি সবকিছু অর্জিত হয়েছে? মানব সভ্যতা ধীরে ধীরেই এগোয়। এটা আসলে সভ্যতার দ্বন্দ্ব। এরপরও আমরা অনেক কিছু অর্জন করেছি। পৃথিবীর সব মানুষ যেমন একই সময়ে সচ্ছল হতে পারে না, তেমনি একই দিনে সব নারী সে সহিংসতার শিকার হবে না এমন কোন কথা নেই। নারীর উত্তরণের জন্য আমরা ১০০ বছরের অধিক সময় ধরে চেষ্টা করছি। আগে সহিংস আচরণকে নারীরা যেমন নিয়তি বলে বিশ্বাস করত এখন তা বিশ্বাস করে না।

নারীর অধিকার আদায়ে একজন নারীকেই এগিয়ে আসতে হবে। পাশাপশি পরিবারেরও বেশ কিছু ভূমিকা রয়েছে। নারীর নিজেরও কিছু ভূমিকা রয়েছে। নারীর নিজেরও কিছু দায়িত্ব থাকবে। স্বেচ্ছাচারী হয়ে পুরুষের প্রতি বিরূপ আচরণ করবে তা নয়। সর্বোপরি কথা হচ্ছে নারী-পুরুষ উভয়কে পরস্পরের প্রতি পরস্পরের সহনশীল হতে হবে।

নারীর অধিকার বাস্তবায়নে স্বাধীনতা-উত্তর সব আইন আদায়ে আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি। ১৯৭০ সাল থেকে ২০১৩ সাল এই দীর্ঘ ৪৩ বছরে আমরা অনেক কিছু করেছি। বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের  আন্দোলনের পথ ধরেই আমরা এগিয়েছি। আমাদের কার্যক্রম নাগরিক সমাজের মানুষ সমর্থন করেছে। আমরা এক থেকে দেড় কোটি টাকা খোরপোষ আদায় করে দিতে সক্ষম হয়েছি। সর্বোপরি আমরা নারীর পক্ষের শক্তি হয়েই কাজ করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এ প্রতিষ্ঠানকে একটি ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করানো। আমরা বর্তমান তরুণ সমাজকে প্রশিক্ষণ দেব। তারা যেন যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সে সম্পর্কে প্রতিষ্ঠত করব। প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ, আধুনিক, স্বাবলম্বী নারী গড়ে তুলব। সর্বোপরি আইনি সংস্করণের অগ্রণী ভূমিকা পালন করব।