সীতাকুণ্ডের শিব মেলা
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় মেলাগুলোর একটি সিতাকুণ্ডের শিব মেলা। প্রতিবছর শিব চতুর্দ্দশী মেলা উপলক্ষ্যে শিবরাত্রিব্রত পালন ও শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করতে দেশ- বিদেশের লাখো হিন্দু পুণ্যার্থী জড়ো হন জায়গাটিতে। স্থানীয়দের মতে এসময়ে পুণ্যার্থী আর পর্যটকের সংখ্যা দশ লাখও ছাড়িয়ে যায়। তিন দিন ব্যাপি এবারের শিব মেলার শুরু ৯ মার্চ থেকে।
চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা সদরের অবস্থান। চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সামান্য উত্তর পাশে এ শহরটি। শীতাকুণ্ডকে মন্দিরের জনপদ বলা হয়। একের পর এক মন্দির এ এলাকার মূল আকর্ষণ।
সীতাকুণ্ড বাজারের ভেতর থেকে সর্পিল আঁকাবাঁকা ছোট্ট একটি সড়ক চলে গেছে চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এ পাহাড় বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। এর সর্বোচ্চ চূড়াটির উচ্চতা প্রায় ৩৬৫ মিটার বা ১২০০ ফুট প্রায়। চূড়ায় ওঠার পথটি বেশ দুর্গম। বাজার ছেড়ে কিছুটা সামনে এগুলেই পথটি ক্রমশ উপরের দিকে উঠে গেছে। এখানে চলতি পথে দেখা মিলবে শংকর মঠ, শ্মশান, গিরিশ ধর্মশালা, ননী গোপাল তীর্থ মন্দির, ভৈরব ধর্মশালা ইত্যাদি। আরও কিছুটা পথ ওঠার পরে দেখা যাবে ভবানী মন্দির। ভবানী মন্দির ছেড়ে আরেকটু পথ এগুলেই শয়মভুনাথ মন্দির। এখান থেকে কিছুটা পথ হাঁটলেই রয়েছে ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা। এখান থেকেই পাহাড়টির দুর্গমতার শুরু।
শিব চতুর্দশী পূঁজা উপলক্ষে সীতাকুণ্ডের মেলায় আসা হিন্দু ভক্তের পাহাড় বেয়ে চন্দ্রনাথ মন্দিরে ওঠার দৃশ্য দূর থেকে পিঁপড়ার সাড়ির মতো মনে হয়। বিভিন্ন মন্দিরে পূঁজা-অর্চনা করলেও ভক্তদের সবার কাছেই মূল আকর্ষণ থাকে পাহাড়ের চূড়ার চন্দ্রনাথ মন্দিরে। দলবেধে সবাই তাই ছোটেন ওপরের দিকে। ভক্তদের অনেকেই পুণ্যস্নানে নিজেকে পবিত্র করে নেন চূড়ায় ওঠার আগে। চন্দ্রনাথ পাহাড়ের ঠিক গোড়া থেকে দুটি পথ চলে গেছে চূড়ার দিকে। মেলার সময় অতিরিক্ত লোক সমাগম হয় বলে বাঁয়ের পথটি কেবল পাহাড়ে ওঠার জন্য। আর ডানেরটি কেবল পাহাড় থেকে নামার জন্য ব্যবহার হয়।
যাদের পাহাড়ে ওঠার অভ্যাস নেই তারাও খুব সহজেই পাহাড় চূড়ার মন্দিরে যেতে পারেন। নিজস্ব গাড়ি কিংবা সিএনজি চালিত অটো রিকশা নিয়ে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতরের সড়কটি অনুসরণ করে সহজেই যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, একেবারে মন্দিরটির পায়ের কাছে। তবে বেশিরভাগ পুণ্যার্থী হাঁটা পথটিই অনুসরণ করে থাকেন, কারণ এ পথে বেশ কয়েকটি মন্দিরের দেখা মেলে।
সীতাকুণ্ডের মেলা দেখে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড ইকোপার্ক থেকেও। চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে পূর্ব দিকে নিচে নামলেই এ পার্কের শুরু। এটি দেশের প্রথম ইকো পার্ক। সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় ও এর আশপাশের এলাকায় ২০০৪ সালে গড়ে তোলা হয়েছে এ ইকো পার্কটি। পাহাড়ের বাঁকে বাঁকে নানান প্রজাতির গাছপালা ছাড়াও এ পার্কের ভেতরে রয়েছে কয়েকটি ছোট বড় পাহাড়ি ঝর্ণা।
প্রয়োজনীয় তথ্য
চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা খুব বেশি না হলেও এর চূড়ায় ওঠার পথটি বেশ সরু এবং দুর্গম। শিব মেলার সময় ভক্তদের ভিড় থাকে বলে বেশ চাপাচাপি করে এ পথে উঠতে হয়। কেউ তাড়াহুড়া করে পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না। তাতে যে কোন রকম বড় দুর্ঘটনা হতে পারে। তাছাড়া পাহাড়ে উঠতে, নামতে নির্দিষ্ট পথ অনুসরণ করুন। উল্টো পথে কখনো উঠতে কিংবা নামতে চেষ্টা করবেন না। ভিড় এড়াতে চাইলে ফিরতি পথে ইকো পার্কের ভেতরের পথটি ব্যবহার করতে পারেন। তাতে ইকো পার্কের অনেকটাই দেখা হয়ে যাবে।
যেভাবে যাবেন
ঢাকা থেকে চট্টগ্রামের বাসে গেলে সীতাকুণ্ড নামা যায়। এছাড়া মেলার সময় বেশিরভাগ ট্রেনই সীতাকুণ্ড স্টেশনে থামে। চট্টগ্রাম শহরের অলঙ্কার মোড় থেকেও বাসে আসা যায়। জনপ্রতি ভাড়া ৩০-৪০ টাকা। সিএনজি চালিত অটো রিকশা নিয়েও যেতে পারেন চট্টগ্রাম শহর থেকে। ভাড়া পড়বে ৩০০-৪০০ টাকা।
থাকার জায়গা
সীতাকুণ্ডে থাকার জন্য ভালো মানের কোন হোটেল নেই। সাধারণ মানের যে কয়টি হোটেল আছে, তাতেও মেলার সময় কক্ষ পাওয়া দুরুহ। সামান্য কয়েকটি হোটেল পুণ্যার্থীদেরই প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত নয়। তাই সীতাকুণ্ডে ভ্রমণে গেলে চট্টগ্রামে থাকাই সবচেয়ে ভালো। চট্টগ্রাম শহরে থাকার জন্য বিভিন্ন মানের প্রচুর হোটেল আছে। এখানে শহরের মধ্যম মানের কয়েকটি হোটেলের যোগাযোগের ঠিকানা দেয়া হলো। স্টেশন রোডে হোটেল এশিয়ান (০৩১-২৮৫০৩৪৬-৮, ৮০০-২০০০ টাকায় কক্ষ আছে)। স্টেশন রোডে হোটেল সুপার (০৩১-৮৪১৪৫১-২, ৬০০-১৫০০ টাকায় কক্ষ আছে)। যুবিলী রোডে হোটেল সাফিনা লিমিটেড (০৩১-৬১৪০০৪, ৯০০-২৫০০ টাকায় কক্ষ আছে)। যুবিলী রোডে হোটেল আল ফয়সাল (০৩১-৬১৫৯৪০, ৬০০-২০০০ টাকায় কক্ষ আছে )।
ছবি: মুস্তাফিজ মামুন
