পোশাকে একুশে ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি আমাদের সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এই কারণে কয়েক বছর ধরে বিভিন্ন পোশাকের দোকান ও বুটিকগুলো ভাষা আন্দোলনের মাসে তৈরি করে আসছে নতুন নতুন পোশাক।
এই মাসে কোথাও বেড়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে বর্ণমালা আর ভাষা আন্দোলনের নানান অনুভূতি মাখানো পোশাক পরতে পারেন অনায়াসে।
বাঙালীর বিভিন্ন অনুষ্ঠান সামনে রেখে আজিজ সুপার মার্কেটের দোকানগুলো প্রতিবারই তাদের পোশাকে নতুনত্ব নিয়ে আসেন। তাই ভাষার মাসে তাদের শৈল্পিক মনের তুলিতে ছেলেদের বিভিন্ন টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবির পাশাপাশি মেয়েদের পাঞ্জাবি, টপস, সেলোয়ার-কামিজে ফুটিয়ে তুলেছে বাংলা ভাষার প্রতিকৃতি। সব দোকানে কিছু না কিছু নতুন নকশার পোশাক থাকলেও ‘মেঘ’ এবং ‘বালুচর’এর সংগ্রহগুলো চোখে পড়ার মতো।
মেঘ
আজিজ সুপার মার্কেটে তাদের দুটি শো-রুমে রয়েছে একুশে ফেব্রুয়ারির জন্য অনন্য আয়োজন। বাচ্চা, তরুণ-তরুণীসহ প্রাপ্তবয়স্ক সব মহিলা এবং পুরুষদের রকমারি সাদা-কালো পোশাকে বাংলা বর্ণমালার অনন্য সমন্বয় তুলে ধরা হয়েছে।
বালুচর
এই বুটিকের দোকানটি ভাষা আন্দোলনের মাস উপলক্ষ্যে বিশেষ আয়োজনের মধ্যে এনেছে মেয়েদের জন্য টপস, পাঞ্জাবি ও ছেলেদের শার্ট, পাঞ্জাবি, শর্ট শার্ট ইত্যাদি।
নিত্য উপহার
তারা এনেছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি। পোশাকে রং ব্যবহার করা হয়েছে কালো, সাদা ও ধূসর। কাজ করা হয়েছে এমব্রয়ডারি, স্প্রে, ব্লকপ্রিন্ট, অ্যাপলিক ইত্যাদি মাধ্যমে।
আড়ং
লাল, কালো, সাদা রঙের সঙ্গে আড়ংয়ের পোশাকে আরো আছে ধূসর, সবুজ, নীল, কমলা ইত্যাদি রঙের ব্যবহার। চুড়িদার সালোয়ারের সঙ্গে আছে ফুলহাতা কামিজ। এমব্রয়ডারি, অ্যাপলিক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।
কে ক্রাফট
অন্যান্য বছরের মতো এই প্রতিষ্ঠানটি একুশের পসরা সাজিয়েছে। যা এই প্রতিষ্ঠানের সবকটি বিপনন কেন্দ্রে ক্রেতাদের জন্য রাখা থাকবে। এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে - বৃদ্ধাঙ্গুলীর ছাপ এবং ছাপের ভিতরে বর্ণ ও শব্দ মালার বিন্যাস। পোশাকের অবয়ব অলংকরণে নানাভাবে বর্ণমালাকে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্ণ ও শব্দ মালার বিন্যাসে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গর্বের বিষয়সমূহ ফুটিয়ে তোলা হয়েছে। বাংলা বর্ণমালা ব্যবহারের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে স্বীকৃত আদি বাংলা বর্ণমালাও ব্যবহৃত হয়েছে। রং -এর ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে - শোক এর কালো, সূর্যের লাল, বিষন্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে। একুশের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভাষার প্রতি জাতির যে ঋণ এবং ভাষা শহীদদের প্রতি আজীবনের কৃতজ্ঞতাকে স্মরণ করে কে ক্র্যাফ্ট তার একুশ বিষয়ক প্রদর্শনীকে উৎসর্গ করেছে এবারে।
স্মার্টেক্স
ফ্যাশন হাউস স্মার্টেক্সের পোশাকগুলো তৈরি হয়েছে সুতি, সিল্ক, খাদিসহ শতভাগ দেশীয় কাপড়ে। আর নকশা করা হয়েছে হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, সুই-সুতাসহ বিভিন্ন হাতের কাজের মাধ্যমে। পোশাকে বেশির ভাগ সাদাকালো রঙের ব্যবহার করা হয়েছে।
অঞ্জনস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহান একুশের চেতনাকে ধারণ করে এই প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘পোশাকে বর্ণমালা’ শীর্ষক প্রদর্শনী। প্রভাতফেরিসহ এই মাসে বিভিন্ন অনুষ্ঠানে যারা একুশের চেতনার পোশাক পরতে চান তাদের জন্য অঞ্জন’স এর এ আয়োজন বিশেষ সুবিধা দিবে। এই প্রদর্শনীতে সাদা, কালো, লাল ও ছাই রং ব্যবহার করে পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদি। এই প্রতিষ্ঠানের প্রতিটি বিক্রয় কেন্দ্রে ১ তারিখ থেকে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পোশাকের ক্যালিগ্রাফি ভিত্তিক এ প্রদর্শনী।
রঙ
এই প্রতিষ্ঠানটি তাদের শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি এবং বিশেষ নকশার টি-শার্ট ছাড়াও স্কার্ট-টপস, ওড়না ব্লাউজ পিস, শাল, সিডি, মগ ইত্যাদিতে তুলে ধরেছে একুশে ফেব্রুয়ারি বিভিন্ন নকশা। যেমন শহীদ মিনার, বর্ণমালা, ধারাপাত সংখ্যা, একুশের গান ও কবিতা, আল্পনা, রক্তলাল সূর্য, ফুল, পাখি প্রভৃতি। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, স্প্রে-ব্লক, এপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট, এমব্রয়ডারি ইত্যাদি। আর এসকল সামগ্রী পাওয়া যাবে রঙ এর সকল বিক্রয়কেন্দ্রে।
চরকা
একুশের চেতনাকে পোশাকে ফুটিয়ে তোলার চেষ্টায় ফ্যাশন হাউস চরকা এবার বেশ কিছু নকশায় নিয়ে সাজিয়েছে তাদের আয়োজন। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে একুশের পোশাকগুলো পাওয়া যাবে এই প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে। মেয়েদের কুর্তা, সালোয়ার কামিজ, শাড়ির আয়োজনে বর্ণমালা ও ফ্লোরাল মোটিফের ব্যবহার থাকছে এবারের ডিজাইনে। ছেলেদের জন্য থাকছে, ফতুয়া, পাঞ্জাবি ও শার্টের কালেকশন। সাদা, কালো, লাল ও ছাই রং এর ব্যবহার থাকছে বেশি। শিশুদের জন্য আছে একুশের ফতুয়া ও সালোয়ার কামিজ।
কাজী ক্রাফট
এই ফ্যাশন হাউসটি পোশাকে রক্তলাল ও গাঢ় সবুজ রঙের সংমিশ্রণে একুশের প্রতীকি মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁতের কাপড় ও জয় সিল্ক কাপড়কে প্রাধান্য দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। এ ছাড়া রাজশাহী সিল্ক, এন্ডি কটন, পাতলা আদি, রঙিন কোটা কাপড় ও মানিকগঞ্জের খাদি কাপড়ে তৈরি মেয়েদের ফতুয়া, থ্রি পিস, শর্ট-কামিজ ও শাড়ি। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, বাচ্চাদের ফতুয়া ও পাঞ্জাবি সেটগুলোর মধ্যে কাজ করা হয়েছে বস্নক, অ্যাপলিক, এমব্রয়ডারি, কাটিং ডিজাইন, তুলির কাজ এবং টাইডাই। শোরম্নম : কাজী ক্রাফট, বসুন্ধরা সিটি লেভেল-২, সিদ্ধেশ্বরী, মালিবাগ, ধানমন্ডি, শুক্রাবাদ।
প্লাস পয়েন্ট
তারা আয়োজন করেছে নানা ধরনে টি-শার্ট ও শর্ট শার্ট। পোশাকগুলোতে লাল, সাদা ও কালো রঙই বেশি প্রাধান্য পেয়েছে।
নীলাঞ্জনা পল্লী
এই বুটিকটি এনেছে নান্দনিক ডিজাইনের একুশে ফেব্রুয়ারির পোশাক। তাদের সংগ্রহশালায় জামদানি শাড়ি ছাড়াও আছে সুতি শাড়ি, জামদানি সালেয়ার-কামিজ, সিল্ক ও অন্যান্য সালোয়ার-কামিজ। এছাড়াও আছে ফতুয়া (ছেলেমেয়ে), পাঞ্জাবি (জামদানিসহ) এবং বাচ্চাদের পোশাক।
সাদাকালো
মহান একুশকে সামনে রেখে ফ্যাশন হাউস সাদাকালোর পোশাকে একুশ সংখ্যাটিকে বিভিন্ন নকশায় ব্যবহার করা হয়েছে। পাশাপাশি একুশ নিয়ে লেখা বিভিন্ন গান বা কবিতার পঙ্ক্তি, যা শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্টের পাশাপাশি বিভিন্ন ধরনের মগ। ব্যাগ-এ ব্যবহার করা হয়েছে। একুশ উপলক্ষ্যে সাদাকালো’তে যুগল পোশাক যেমন: বাবা-ছেলে, মা-মেয়ে’র একই রকমের পোশাক পাওয়া যাবে।
নকশা
ফ্যাশন হাউস নকশার পোশাক তৈরি হয়েছে সুতি, সিল্ক, খাদি, তসরসহ শতভাগ দেশীয় কাপড়ে। আর নকশা করা হয়েছে হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, সুই-সুতাসহ বিভিন্ন হাতের কাজের মাধ্যমে। পোশাকে বেশির ভাগ সাদাকালো রঙের ব্যবহার করা হয়েছে।
অন্যমেলা
সিল্ক, অ্যান্ডি, তাঁতের সুতি কাপড়ে তৈরি করা হয়েছে অন্যমেলার পোশাক। শহীদ মিনারের প্রতিকৃতি, কবিতা ও গানের পঙ্ক্তি দিয়ে নকশা করা হয়েছে।
শৈশব
শিশুদের পোশাকের দোকান শৈশব এনেছে লাল, সাদা, কালো রঙের সমন্বয়ে তৈরি পোশাক। আছে ফ্রক, শার্ট, টপ ইত্যাদি।
কুমুদিনী
সুতি, মসলিন, হাফসিল্ক কাপড়ে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি ও শিশুদের পোশাক এনেছে তারা। পোশাকে নকশি ব্লকপ্রিন্টের কাজ করা হয়েছে।
অতসী
সিলেটের ফ্যাশন হাউস অতসী এনেছে তাঁত, খাদি, সিল্ক কাপড়ে তৈরি পোশাক। এতে ব্লকপ্রিন্ট, টাইডাই, অ্যাপলিক ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।
তহু’স ক্রিয়েশনস
সাদা, কালো ও লাল রং ব্যবহার করা হয়েছে তাদের পোশাকে। শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, কুর্তা ও শিশুদের পোশাক পাওয়া যাচ্ছে।
লাল সাদা নীল হলুদ
সুতি ও খাদি সুতার বিশেষ বুননে পোশাকের কাপড় তৈরি করা হয়েছে। এতে ব্লকপ্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।
