বসন্তে ভ্যালেন্টাইন
এক এক সম্পর্কের জন্য এক এক ধরনের উপহার। প্রেমিকাকে লাল গোলাপ-চকলেট উপহার দিলেও, বন্ধুর জন্য চাই অন্য কিছু। আবার সম্পর্কের স্থায়ীত্বের উপরেও উপহারের হেরফের হতে পারে।
আগের দিন বসন্ত আর পরের দিন ভালোবাসা দিবস। পরপর দুটি প্রেমময় দিন। এরকম সময়ে প্রিয় মানুষটিকে উপহার দিয়ে চমকে দেওয়ার মধ্যে আনন্দ অনেক। তবে অনেকেই কী দিবেন সেটা নিয়ে পড়েন মহা ফ্যাসাদে। একসময় শুধু প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই দিনগুলোতে উপহার দেওয়ার রেওয়াজ থাকলেও এখন সব ধরনের সম্পর্কের মধ্যেই উপহার বিনিময় হয়। তাই অনেকেই ভেবে পাননা কাকে কোন উপহার দিবেন।
নব্য প্রেমিক
তাই যারা নতুন নতুন প্রেম করছেন আর এবারই প্রথম বসন্ত-ভালোবাসা দিবস পালন করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভাল উপহার হল হৃদয় আকৃতির চকলেট আর গোলাপ, অথবা আংটি। নতুনত্ব আনতে কোন ভাল রেস্টুরেন্টে খেতে খেতে উপহারটি দিতে পারেন। অথবা বসুন্ধরা সিটিতে ছবি দেখা শেষে বের হয়ে দিতে পারেন। এতে একটা চমকও দেওয়া হবে। সঙ্গীর সাথে এমনভাব করবেন যাতে মনে করে ছবি দেখাটাই উপহার। তবে যেহেতু নব্য প্রেম সেকারণে বাইরে ঘোরাফেরা করতে অনেকেই অস্বস্তি পেতে পারেন। সেক্ষেত্রে জোরজুলুম করে দিনটি মাটি না করে, সুন্দর মতো উপহারটি গছিয়ে দিতে পারেন তার বাড়িতে গিয়েই।
নতুন প্রেমের ক্ষেত্রে দামের চাইতে উপহারটি কত ‘সুইট’দেখতে সেটিই বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে উপহার যত মিষ্টি আর সুন্দর হবে সেটি ততবেশি আপনার ভালোবাসার মিষ্টি দিকটা প্রকাশ করবে। এক্ষেত্রে চকলেটের জুড়ি নেই। যেকোন ভাল শপিং মলেই এখন ভাল উন্নত চকলেট পাওয়া যায়। একটু বুদ্ধি খাটিয়ে প্রেমের দিনক্ষণ হিসেব করে বসন্ত বা ভালোবাসার দিন প্রেমের কততম দিবস বা মাস হচ্ছে - সেই সংখ্যা অনুযায়ী চকলেট বা পেস্ট্রি দিতে পারেন।
আংটি বদলিয়েছেন যারা
খুব বেশিদিন হয়নি সবে আংটি বদল হয়েছে। অপেক্ষায় আছেন বিয়ের, তাদের জন্য প্রথম ভ্যালেনটাইন বা বসন্তের উপহারটি হবে রোমান্টিক কিন্তু কাজের। হতে পারে সেটি রুপালী ফটোফ্রেম বা একসেট চায়ের কাপ, কফি বা শরবত খাওয়ার গ্লাস। গহনার দিকে গেলে ব্রেসলেট খারাপ না। যেটাতে দুজনের খোদাই করা নামের অদ্যাক্ষর থাকতে পারে। মনে রাখবেন আপনারা দুজন নতুন জীবন শুরু করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তাই এমন কোন উপহার দিবেন না যা কোন কাজে আসবে না। তাই দামি উপহারের চাইতে বিছানার চাদর, রান্নাঘরের জিনিষপত্র হতে পারে উত্তম নজরানা।
নব দম্পত্তি
বিয়ের পরপরই বসন্ত আর ভালোবাসা দিবসের খপ্পরে পড়েছেন। তাতে চিন্তার কিছু নেই। কারণ শার্ট, পাঞ্চাবি, ব্লেজার, শাড়ি, গহনা বা ঘরের আসবাবপত্র সবই আশাকরি পেয়ে গেছেন বিয়ের সময়। এখন জীবনটা নিজেদের মত উপভোগ করুন।বসন্তের সাজে ঘুরে বেড়ান ফুরফুর করে। সঙ্গীকে সময় দিন বেশি। সেটিই হবে সবচেয়ে ভাল উপহার। আর এর মাত্রা বাড়াতে চকলেটের পুর দেয়া কেক-পেস্ট্রি হতে পারে দারুন উপহার। কিংবা রাতের খাবারটা একসাথে খেতে পারেন ভাল কোন রেস্টুরেন্টে। সেই সাথে যুগল নেকলেস, ব্রেসলেটও হতে পারে ভাল উপহার। এখন বিভিন্ন ডায়মন্ড-এর গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ ধরনের অলঙ্কার তৈরি করছে। অন্যরকম উপহার হিসেবে হতে পারে মোবাইল সেট এর সুন্দর কভার।
বিবাহিত অনেকদিন
সংসার করে হাপিয়ে উঠেছেন। স্ত্রী বা স্বামী মনে করছেন আগের মত প্রেম আর নেই। যা আছে সেটা হচ্ছে দায়িত্ব। তাহলে ভুল করবেন। সংসারের জটিলতায় চাপা পড়া প্রেমটা এই বসন্ত আর ভেলেন্টাইনে আবার চাঙ্গা করে তুলতে অসুবিধা কোথায়। তাই এমন দিনে সঙ্গীতে দিতে পারেন পারিবারিক ফটোফ্রেম। অথবা চাবির রিং। স্বামীর জন্য অন্যতম ভাল উপহার হতে পারে মানিব্যাগ, সানগ্লাস, ঘড়ি- এরকম ছোটখাট জিনিস। স্ত্রী যদি চাকুরি করেন তাহলে বড় কাঁধে ঝোলানো ব্যাগ, মোবাইল কভার, টাকা রাখার ছোট ব্যাগ বা পার্স, ভাল একটি কলম বা চাকুরির ক্ষেত্রে কাজে লাগতে পারে এরকম কোন পণ্য হতে পারে ভাল উপহার। স্ত্রী যদি হয় শুধু গৃহিনী তবে রান্নঘরের টুকটাক জিনিস উপহার দিয়ে একদিনের রাজা হয়ে যেতে পারবেন যেকোন স্বামী। এক্ষেত্রে হাতে ডিম ফেটার যন্ত্র, একটি ননস্টিক ফ্রাই প্যান, রান্নঘরের প্লাস্টিকের র্যাক, হটপট, টোস্টার, ইলেকট্রিক চুলা বা এ জাতীয় সংসারের কাজে লাগা পণ্যই হবে দীর্ঘদিন বিবাহিতদের জন্য উপকারী উপহার। দুজনের জন্য কিনতে পারেন যুগলপোশাক। আজকাল বুটিকের দোকান বা দেশীয় ফ্যাশন হাউসগুলো এধরনের পোশাক তৈরি করছে। সেই সাথে রাতে ভাল কোন রেস্টুরেন্টে পরিবারের সকলে মিলে খেতে পারলে সেটা হবে আরও উত্তম। সেটা সম্ভব না হলে রেস্তোরাঁ থেকে রাতের খাবারটা কিনে বাসায় নিয়ে সবাইকে একসঙ্গে চমক দিতে পারেন অনায়াসেই।
তবে বসন্ত আর ভ্যালেনটাইন যে শুধু যুগলবন্দিদের জন্য তা নয়। বরং এখন বিভিন্ন সম্পর্কের মধ্যেই এই দিনগুলোতে হতে পারে উপহার বিনিময়। আর এতে সম্পর্কের জোরটাও বাড়ে।
বন্ধু’র জন্য
মেয়ে কিংবা ছেলে কাছের বন্ধুর জন্য ফ্রেন্ডশিপ-ব্রেসলেটের মত ভাল উপহার আর হয় না। আপনার বান্ধবীটা যদি হয় ফ্যাশনেবল তাহলে তাকে লাল বা যে কোন উজ্জ্বল রঙের স্কার্ফ দিলে তার পছন্দ হবেই। বন্ধুর জন্য বডি সেপ্র, টিশার্ট, মানিব্যাগ, মগ- হতে পারে উপকারী নজরানা। আর অনেক বন্ধু মিলে এই দিনগুলোতে একসাথে আড্ডা দিতে দিতে কোথাও খাওয়াটাও হতে পারে দারুণ একটি ব্যাপার।
সহকর্মী
অফিসের সকলের জন্য এক বাক্স বিস্কুট বা এক ঝুড়ি চকলেট নিয়ে গিয়ে এই দিনগুলোতে সকলের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন সহজেই। প্রিয় সহকর্মী বা অফিসের ‘বস্’ পর্যায়ের কাউকে দিতে পারেন পেপারওয়েট, কলম বা টেবিলে রাখার মত সুন্দর কোন শো-পিস।
তের থেকে ১৯
টিনএজার নামেই যারা বেশি পরিচিত। এই বয়সী কোন বন্ধুকে উপহার দিতে বেশি খাটতে হয় না। মেয়ে হলে একটি বড় টেডিবিয়ার পুতুলই যথেষ্ট। সেই সাথে হতে পারে চকলেট মজার উপহার। আর ছেলে হলে একটি হেডফোন, ভাল ছবির ডিভিডি, গেমস এর পাগল হলে গেমস এর ডিভিডি কিংবা বই হবে উৎকৃষ্ট উপহার।
ঢাকা শহরে পাওয়া যায় না, এখন এরকম জিনিস কমই আছে। ভাল চকলেট যেকোন ভাল শপিং-সেন্টার বা সুপার-মার্কেটগুলোতে পাওয়া যায়। অলঙ্কারের জন্য সোনার দোকানে যাওয়ার কোনই প্রয়োজন নাই। এখন বিভিন্ন বুটিকের দোকানে পাওয়া যায় কারুশিল্পের গহনা। যেগুলো দেখতে সুন্দর, দামও হাতের নাগালে। হাতে পয়সা বেশি থাকলে ডায়মন্ডের গহনা দিতে পারেন। হীরা শুনে আঁতকে ওঠার কিছু নেই। এখন বেশ কয়েকটি ডায়মন্ডের গহনার দোকান হয়েছে, যারা বিশেষ দিনগুলোয় সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে অলঙ্কার তৈরি করে, আবার দামের ক্ষেত্রে বিশেষ ছাড়ও দেয়। নিউমার্কেটের পেছনে সিঙ্গাপুর বা দুবাই মার্কেট নামে পরিচিত এলাকায় পাবেন ক্রোকারিজ বা রান্নাঘরের সামগ্রী। ব্যাগ বা চামড়ার কোন জিনিস কম দামে কিনতে চাইলে ঢাকার হাজারিবাগের ট্যানারির মোড়ের কয়েকটি দোকান থেকে কিনতে পারেন। প্লাস্টিকের সামগ্রী উপহার দিতে চাইলে যেতে পারেন ঢাকা নিউমার্কেট কাঁচাবাজার ও নিউমার্কেটের দোতলায়।
মনে রাখবেন দামি নয় উপহার দেওয়াটাই আসল। সেটা যত নগণ্যই হোক- আপনি যে তাকে মনে করে উপহারটি কিনেছেন, সেটা যদি সে উপলব্ধি করতে পারে তাহলেই বুঝবেন সেই-ই আপনার জন্য সেরা সঙ্গী।
ফাগুনের আগুন লাগা ত্বক
বসন্ত আসার সাথে সাথে একটু একটু করে গরমও শুরু হয়েছে। ঋতু বৈচিত্রের প্রভাব প্রকৃতির সাথে সাথে ত্বকেও যেন ধরা দিচ্ছে। অবশ্য শহরের প্রকৃতিতে শীত, গ্রীষ্ম সব ঋতুতেই ধূলাবালির ছড়াছড়ি। আর আমাদেরকেও প্রয়োজনে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে হয়। ফলে আমাদের স্পর্শকাতর ত্বককে ধূলাবালি আরও বেশি আক্রমণ করে। খুব সামান্যতেই অনেকের ত্বকে দেখা দেয় এলার্জি, ব্রণ। ত্বকের আদ্রতা কমে যায় এবং অনেকের মরা চামড়া উঠতে শুরু করে। তাই এই সময়ে ত্বকের একটু বাড়তি যত্ন নিতে কিছুটা সময় বের করা উচিৎ। এ সম্পর্কে পরামর্শ দেন রূপঞ্জনা বিউটি পার্লারের কর্ণধার রাফিনা আক্তার।
তার মতে, “শীত চলে গেছে ভেবে এসময়ে অনেকেই শীতের পোশাক পরা বন্ধ করে দেন। অথচ এসময়ে ত্বকে টান টান ভাবটা থেকেই যায়। এরজন্য চামড়া ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। পাশাপাশি বিভিন্ন রোগের আক্রমনও হয়। তাই এসময়ে যতটা সম্ভব সচেতন থাকতে হবে। যারা নিয়মিত ঘরের বাইরে যান তারা সময় পেলেই হাত-মুখে পানির ঝাপটা দিবেন। সম্ভব হলে ব্যাগে সবসময়ের জন্য একটা ফেস ওয়াশ রেখে দিবেন। বাইরে বের হবার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পাশাপাশি সপ্তাহে অন্তত একবার স্ক্রাব করতে পারেন।যাদের শুষ্ক ত্বক তারা এ সময়ে নিয়মিত গ্লিসারিন মিশানো সাবান দিয়ে গোসল করবেন। গোসলের পর ভেজা শরীরে ভ্যাসলিন, লোশন বা এ জাতীয় পণ্য ব্যবহার করবেন। মুখের ত্বকের পাশাপাশি হাত, পা, গলা, ঘাড়সহ শরীরের অন্যান্য অঙ্গেরও যত্ন নিতে হবে। কারণ এ সময়ে শুষ্কতার কারণে হাত পা ফেটে যায়। এর থেকে উদ্ধার পেতে নিয়মিত মেনিকিউর ও পেডিকিউর করা ভালো। আবার দিনের মধ্যভাগে রোদের তাপে ত্বকে ছোপ ছোপ দাগ পড়ে। অল্প অল্প ঘামও হয়। এজন্য নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করতে হবে। চুলে নিয়মিত শ্যাম্পু করতে হবে। প্রকৃতি এখন শুষ্ক, ধূলাবালি বেশি। তাই বাইরে বের হওয়ার আগে মাথায় স্কার্ফ পরে নিলে চুল ময়লা হবে না। প্রচুর পানি পান করতে হবে। পাশাপাশি ফলমূল ও সবজি খেতে হবে।”
