২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রকৃতিকে অক্ষুন্ন রেখে পর্যটন’

জাপানের জুনকো তাবেই, পৃথিবীর প্রথম নারী হিসেবে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন ১৯৭৫ সালে। ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে জয় করেছেন সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ। শুধু তাই নয়, ২০০৮ সালের মার্চ মাস পর্যন্ত জয় করেছেন ৫৮টি দেশের সর্বোচ্চ শৃঙ্গও।

আশিক হোসেন

ও মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 09:06 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

জাপানের জুনকো তাবেই, পৃথিবীর প্রথম নারী হিসেবে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন ১৯৭৫ সালে। ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে জয় করেছেন সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ। শুধু তাই নয়, ২০০৮ সালের মার্চ মাস পর্যন্ত জয় করেছেন ৫৮টি দেশের সর্বোচ্চ শৃঙ্গও।

বেসরকারি ট্যুর অপারেটর বেঙ্গল ট্যুরস লিমিটেড’র আমন্ত্রণে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন ৭৪ বছর বয়সী জুনকো তাবেই। জয় করে ফিরেছেন কেওক্রাডাং।

এই দেশে প্রায় ১৩ দিন অবস্থানের পর ৬ জানুয়ারি ফিরে গেছেন নিজ দেশ জাপানে। আর এ সময়ে তিনি উপভোগ করেছেন সুন্দরবনের অপার সৌন্দর্যও।

দেশে ফেরার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আশিক হোসেন ও মুস্তাফিজ মামুন এবং বেরসরকারি একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বর্ণনা করছেন পর্বতারোহন নিয়ে তার অভিজ্ঞতা। 

আপনি পর্বতারোহী হলেন কেন?

আমার বয়স যখন ১০ বছর আমি তখন ক্লাস ফোরে পড়ি। আমার শরীরচর্চা শিক্ষকের সঙ্গে একদিন পাহাড়ে বেড়াতে যাই। তখনি প্রথম পাহাড় নিয়ে আমার আগ্রহ জন্মায়। পরবর্তীতে বই পড়তে থাকি, কিন্তু তাতে আগ্রহ পুরোপুরি মিটছিল না। আমি সব সময় চাইতাম পাহাড়ের বাতাস, প্রকৃতি ও পানি নিজের শরীর দিয়ে উপলব্ধি করতে।

পাহাড়ি ঝর্ণা, বরফ, সবুজ- এগুলোকে কাছ থেকে ছুঁয়ে দেখার ইচ্ছা এবং অনুপ্রেরণা থেকেই পর্বতারোহী হয়ে ওঠা।

১৯৭৫ সালে যখন প্রথম এভারেস্টের চূড়ায় উঠলেন, ঠিক সে মুহূর্তে সবার আগে আপনার মাথায় কোন ভাবনাটা এল?

এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ, একই সঙ্গে এটি সবচেয়ে দুর্গম ও বিপজ্জনকও। অনেক বিপদসঙ্কুল পথ আমাদের পাড়ি দিতে হয়েছিল। তখনকার দিনে এত সুযোগ-সুবিধা ছিল না। কিন্তু মনের জোর আর সাহস আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যুগিয়েছিল। যখন প্রথম এভারেস্টে পা রাখলাম সে মুহূর্তে মনে হচ্ছিল, এটাই তো সর্বোচ্চ, এর থেকে উপরে আর ওঠা যাবে না।

১৯৭৫ সালে এভারেস্ট এবং একে একে সেভেন সামিট, বিশ্বের প্রথম নারী হিসেবে এ কৃতিত্ব অর্জনের পর কেমন লেগেছিল?

কোনো পুরস্কার পাওয়ার আশায় বা নিজেকে পরিচিত করতে করেছি, এমনটা নয়। সারা পৃথিবীতে যতগুলো পর্বত রয়েছে, সবগুলোতেই উঠতে চাই। এটাই ছিল আমার পরিকল্পনা।

সাত সর্বোচ্চ শৃঙ্গ আরোহন করার পর খুব স্বাভাবিক মনে হয়েছিল। আনন্দ হয়েছিল, কিন্তু মনে হয়েছিল, যে কেউ একটু চেষ্টা করলেই এটা করতে পারে। এত কিছুর পরেও আমি বলব- এভারেস্টের তুলনা হয় না। 

এ দেশে এসে কেওক্রাডাং কেমন লাগল?

বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর! নিজের পায়ে এখানে হেঁটে বেড়িয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। চারদিকে সবুজ আর সবুজ। সূর্যোদয় দেখেছি, ওপরে লাল সূর্য, নিচে কুয়াশা আর মেঘ। একদিকে ভারত, একদিকে মিয়ানমার আর একদিকে বাংলাদেশ। তিনটি দেশের মাঝে এমন সুন্দর জায়গা থাকতে পারে আমার ধারণা ছিল না, আমি অভিভূত। আমি এখান থেকে যাওয়ার পরে এ কথা সবাইকে বলতে চাই।

এদেশে পর্যটন শিল্পে বিকাশ কি সম্ভব হবে- আপনার কী মনে হয়?

ঢাকায় এসে সব চেয়ে বেশি যে বিষয়টা আমাকে ভাবিয়েছে, তা হল এখানকার যানজট এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা। আমার কাছে মনে হয়, এই দেশে পর্যটন শিল্প বিকাশে সবার প্রথমে যানজট ও ময়লা আবর্জনার একটা গতি করতে হবে।

পর্যটক আকর্ষণে বাংলাদেশের কী করা উচিত বলে আপনি মনে করেন।

এই দেশে এসে গ্রাম দেখেছি, পাহাড় দেখেছি। প্রকৃতি যে এত সমৃদ্ধ হতে পারে, আমি ভাবিনি। এর কারণ একটাই, এখনো এ দেশে পর্যটন শিল্প বিকশিত হয়নি। যদি তা হত, তবে এ প্রকৃতির এ সৌন্দর্য ধ্বংস হযে যেত। যদি এ দেশে পর্যটন বিকাশ করতে হয়, তাহলে তা করতে হবে প্রকৃতির উপাদানগুলোকে অক্ষুণ্ন রেখে। প্রকৃতি ও মানুষকে পাশাপাশি থাকতে দেয়াটাই পর্যটন।

এ দেশের মানুষদের কেমন দেখলেন?

এই দেশে আমার গাইড এবং অন্যান্য যারা সঙ্গে ছিলেন, তারা সবাই খুবই ভালো। এটা এদেশের মানুষের বৈশিষ্ট্য। আমি ফিরে গিয়ে সবাইকে বলব, এটা দেখতে হলেও অন্তত এই দেশে আশা উচিত।

সম্প্রতি বাংলাদেশের দুজন নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেছেন, জানেন?

এই দেশের দুটো মেয়ে সম্প্রতি এভারেস্টে উঠেছে শুনে কিছুটা অবাক হয়েছি। কারণ এই দেশে বড় কোনো পাহাড় নেই। তারা পাহাড়ে ওঠা শিখল কীভাবে? তাদের দেখার খুব ইচ্ছা ছিল। আমি মনে করি, তারা যেহেতু পেরেছে, আরো অনেকেই পারবে।

বাংলাদেশের পর কোথায় যাবেন?

এরপর আগামী জুনে ইংল্যান্ডের সব্বোচ্চ স্খানে সামিট করব।

এ বয়সেও পাহাড়ে উঠছেন, কীভাবে?

বয়স হয়েছে বলে পাহাড়ে ওঠা যাবে না- এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি মনটাই আসল। ইংল্যান্ডের পরেও যদি শরীর টানে, তাহলে পর্বতারোহন চালিয়ে যাব।

( তাবেইয়ের এই সাক্ষাৎকার নেয়ায় বেঙ্গল ট্যুরস লিমিটেডের নির্বাহী পরিচালক মাসুদ হোসেন দোভাষী হিসেবে সহযোগিতা করেছেন।)