ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘পর্যটন ও টেকসই জ্বালানি: টেকসই উন্নয়নের নিয়ামক’ এ প্রতিপাদ্যকে নিয়ে বৃহস্পতিবার দেশে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস।
১৯৮০ সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা সেপ্টেম্বরের ২৭ তারিখকে পর্যটন দিবস ঘোষণা করে। এরপর থেকে অন্যান্য দেশের মত বাংলাদেশও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছে।
বিশ্ব পর্যটন দিবসকে উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, খাদ্য উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে শোভাযাত্রা উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী ফারুক খান।
এছাড়াও বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে পর্যটন বিষয়ের ওপর গোলটেবিল আলোচনা সভা ও বিকাল ৩টায় হোটেল অবকাশে আলোচনা সভা হবে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির উদ্যোগে পর্যটন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২২২০ ঘ.
bdnews24