ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা একটি ছবি নিউ ইয়র্কে নিলামে তোলার আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মজীবী নারীদের একটি সংগঠন আগামী ২১ অক্টোবর রাতে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। সেই অনুষ্ঠানেই মমতার আঁকা ফুলের ছবিটি নিলামে উঠবে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে।
ছবিটি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা ব্যয় হবে ভারতের দুঃস্থ শিশুদের কল্যাণে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, তিন থেকে চার মাস আগে নিউ ইয়র্কের নারীদের ওই সংগঠনের পক্ষ থেকে একটি ছবি চেয়ে মমতাকে চিঠি পাঠানো হয়। উদ্দেশ্য জেনে মমতা তাতে সায় দেন।
তারপর মুখ্যমন্ত্রীর কার্যালয় মহাকরণে কাজের ফাঁকে মাত্র ৪৫ মিনিটের মধ্যে চার ফুট বাই তিন ফুট ক্যানভাসে একগুচ্ছ ফুলের ছবি ফুটিয়ে তোলেন মমতা। ছবিটির একটি নামও দেন। তার এই ‘ফ্লাওয়ার পাওয়ার’ই নিলামে তোলার জন্য সোমবারই নিউ ইয়র্কে পাঠানো হয়।
মমতাকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকা জানায়, “ওদের উদ্দেশ্য মহৎ। গরীব ছোট ছোট ছেলে-মেয়েদের লেখাপড়া, চিকিৎসার জন্য ওরা অর্থ সাহায্য করে। আমার ছবি বিক্রি করে ওরা তা শিশুদের কল্যাণে খরচ করবে জেনে আমার ভাল লাগছে।”
মমতার ছবি আঁকার বিষয়টি অবশ্য একেবারে নতুন নয়। এর আগেও মমতার আঁকা ছবি নিয়ে কলকাতায় তিনটি প্রদর্শনী হয়েছে। ২০০৫ সালে হয় প্রথম প্রদর্শনী। তিনটি প্রদর্শনীতেই ছবি বিক্রির ব্যবস্থা ছিল।
নিউ ইয়র্কের ওই সংগঠনটি মূলত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের দুঃস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের জন্য প্রকল্প চালিয়ে আসছে। এজন্য গত কয়েক বছর ধরে তারা তারকাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিলামে বিক্রি করে তহবিল সংগ্রহ করছে।
এর আগে তারা টেনিস তারকা লিয়েন্ডার পেজের র্যাকেট, ভারতের ক্রিকেট তারকা কপিল দেবের ব্যাট ও বল নিলামে করে টাকা তোলে। এবার মমতার আঁকা ছবিই তাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১১২৫ ঘ.
bdnews24