ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণবয়স্কদের উপযোগী প্রথম পূর্ণাঙ্গ উপন্যাসের নাম ঘোষণা করেছেন হ্যারিপটারখ্যাত লেখিকা জে কে রাউলিং। উপন্যাসের নাম ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি’।
গত ফেব্রুয়ারিতে রাউলিং তার নতুন এই উপন্যাসে লেখার কথা প্রকাশ করেন বলে বিবিসি জানায়। তখন তিনি বলেছিলেন, এই উপন্যাস তার আগের সব লেখার চেয়ে “পুরোপুরি অন্য রকম” হবে।
চলতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রকাশিত হবে উপন্যাসটি। এটি মুদ্রিত সংস্করণে, ইন্টারনেটে ই-বুক ও অডিও ডাউনলোড সংস্করণে এবং সিডি আকারে পাওয়া যাবে।
“হ্যারি পটার সিরিজের সাফল্য আমার জন্য যে স্বাধীনতা এনে দিয়েছে তা আমাকে নতুন আঙ্গিক নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে,” বলেন রাউলিং।
‘দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি’ উপন্যাস এর কেন্দ্রীয় চরিত্র ব্যারি ফেয়ারওয়েদার’র মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত। ব্যারির অপ্রত্যাশিত আকস্মিক মৃত্যুতে তার নিজ গ্রাম প্যাগফোর্ডের বাসিন্দারা শোকাচ্ছন্ন হয়ে পড়ে।
লিটল, ব্রাউন এন্ড কোম্পানি উপন্যাসটি প্রকাশ করবে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৬ ঘ.
bdnews24