টোকিও, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে বয়স্কদের নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুরোধ করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চিঠি বিলিকারী ডাকপিয়ন প্রতিমাসে একবার করে বয়স্কদের সার্বিক খোঁজখবর বিশেষ করে শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানাবেন।
এর মধ্য দিয়ে বয়স্কদের সাথে যোগাযোগের সম্পর্ক বাড়বে বলে আশা করা হচ্ছে।
জাপানে প্রতি চারজনে একজনের বয়স ৬৫ বছরের বেশি। দিনদিন এ সংখ্যা বেড়েই যাচ্ছে। এ কারণে প্রতিবছর দেশটির নিঃসঙ্গ বা একাকী বসবাসকারী বয়স্ক নাগরিকের সংখ্যাও বাড়ছে। অনেক সময় এমন হয়, একাকী বসবাসকারী বয়স্ক কারো মৃত্যু হলে কয়েকদিন তা কেউ জানতেই পারে না।
এ অবস্থা থেকে উত্তরণে পরীক্ষামূলক ওই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এখনই তা সারাদেশে চালু করা হবে না। চলতি মাসে টোকিও'র সিনাগাওয়া ওয়ার্ডে এটি চালু হয়েছে। ওয়ার্ড কর্তৃপক্ষকে সহায়তা করছে জাপান পোস্ট।
জানা গেছে, এই প্রকল্পের এর অংশ হিসেবে ডাকপিয়নরা ৬৫ বছরের বেশি বয়সী বৃদ্ধদের প্রতি মাসে একবার করে চেক আপ করবে।
গত বছর এ ওয়ার্ডেই কমপক্ষে ২৫ জন বৃদ্ধ সবার অগোচরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
সিনাগাওয়া ওয়েলফেয়ারের এক কর্মকর্তা আকিহিরো হারা বলেন, "আমরা এ বয়সী লোকদের সঙ্গে সম্পর্ক জোড়ালো করতে পারব বলে আশা করছি।"
পরীক্ষামূলক এ কর্মসূচিতে বৃদ্ধদের বাড়িতে গেলে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে ডাকপিয়নদের। তবে কোনো সমস্যা থাকলে তা ওয়ার্ডে স্থাপিত বিশেষ কেন্দ্রে জানাতে বলা হয়েছে।
আর এ বিশেষ কেন্দ্র প্রয়োজন মনে করলে বিষয়টি হাসপাতাল ও স্থানীয় ওয়েলফেয়ার কর্মকর্তাদের জানাবে।
একা একা বসবাসকারী এসব বয়স্ক নাগরিক দেশটির জন্য ক্রমবর্ধমান সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অপর একটি সমস্যা হলো বড়দেরকে শ্রদ্ধা করার ঐতিহ্য থেকে ধীরে ধীরে সরে আসা। আর এর ফলাফল হলো ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা।
সোস্যাল কমেন্টেটর টোমোকো ইনুকাই বলেন, "কিছু কিছু ক্ষেত্রে এর সুবিধা রয়েছে। কারণ আমরা মুক্ত, স্বাধীন হতে পারছি। কিন্তু খারাপ দিক হলো যে, আমরা একে অপরকে অবহেলা করছি। জাপানের সমাজের ভয়াবহ একটি দিক হলো, আমরা বয়স্কদের সঙ্গে প্রাণহীন প্রাণীর মতো আচরণ করি।"
টোকিও'র ব্যুরো অব সোস্যাল ওয়েলফেয়ার ও পাবলিক হেলথের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে একাকী বসবাসকারী বৃদ্ধের সংখ্যা ছিলো ৪৬ লাখ। আর ২০০৩ থেকে ২০১০ সালে নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণকারী বৃদ্ধের সংখ্যা ১,৩৬৪ জন থেকে বেড়ে ২,১৯৪ জনে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৫ঘ.
bdnews24