ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণ নির্মাতাদের অংশগ্রহণে রাজধানীর গ্যাটে ইনস্টিটিউটে রোববার শুরু হয়েছে পঞ্চম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৯ মে পর্যন্ত।
উদ্বোধনী দিনে গ্যাটে ইনস্টিটিউট মিলনায়তনে ৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯ মে পর্যন্ত প্রতিদিনই সেখানে দেখানো হবে তরুণ নির্মাতাদের বিভিন্ন সিনেমা। এছাড়া ১৭ মে প্রদর্শনী চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনেও।
২৩টি দেশের মোট ৯৬টি ছবি অংশ নিচ্ছে এবারের উৎসবে। জুরি বোর্ডের নির্বাচিত তিনটি চলচ্চিত্র পাবে 'জহির রায়হান বেস্ট শর্ট' পুরস্কার।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবে বিশেষ আয়োজন হিসেবে থাকছে বার্লিনেল ট্যালেন্ট ক্যাম্পাস, ইউরোপিয়ান ফিল্ম অ্যাকাডেমি ও ওয়ান মিনিট ফাউন্ডেশন মনোনীত কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/২২৪২ ঘ.
bdnews24