২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন সমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ করছে নিউ ইয়র্ক

নিউ ইয়র্ক শহরের পার্ক, সমুদ্র সৈকতসহ সব ধরনের জন সমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে। বুধবার এ নিষেধাজ্ঞার ওপর বিল পাস হয়েছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্ক শহরের পার্ক, সমুদ্র সৈকতসহ সব ধরনের জন সমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে। বুধবার এ নিষেধাজ্ঞার ওপর বিল পাস হয়েছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে। জনসমক্ষে ধূমপানে নিষেধাজ্ঞার পক্ষে কাউন্সিলে ৩৬টি ও বিপক্ষে ১২টি ভোট পড়েছে। বিলটিতে স্বাক্ষর করার ঘোষণা দিয়ে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, স্বাক্ষর করার ৯০ দিন পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বর্তমানে শহরটির রেস্তোরাঁ ও বারগুলোতে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে অনেকের মতে এ ব্যাপারে নগর কর্তৃপক্ষ বাড়াবাড়ি রকমের কঠোর হয়ে উঠেছে। বিলের বিপক্ষে ভোটদানকারীরা ধূমপানের ক্ষতিকর দিকগুলো নাকচ করে বিলটিকে সরকারের বাড়াবাড়ির প্রতীক বলে অভিহিত করছে। হারলেমের ডেমোক্র্যাট কাউন্সিলর রবার্ট জ্যাকসন বলেন, "আমি মনে করি এ বিষয়ে সরকার অতিরিক্ত কঠোর হচ্ছে। এটি একটি মুক্ত সমাজ এবং সেখানে এ ধরনের বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে।" এ নিষেধাজ্ঞা কার্যকর করার মাধ্যমে শিকাগো ও সান ফ্রান্সিসকোর মতো জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে যুদ্ধে নামা শহরগুলোর কাতারে নাম লেখাবে নিউ ইয়র্ক। মেয়র জানান, শহরের পার্কিং এলাকা, পায়ে চলার পথ এবং টাইম স্কয়ারের মতো জন সমাগমস্থলেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রকাশ্যে ধূমপান করলে ৫০ ডলার জরিমানা করার আগে এ বিষয়ে নগরবাসীকে সতর্ক করতে বাড়তি জনবল নিয়োগ করা হবে। মেয়র ব্লুমবার্গ দায়িত্ব নেওয়ার পরে নিউ ইয়র্কে জনস্বাস্থ্য রক্ষায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়। সেগুলোর মধ্যে আছে রেস্তোরাঁর খাবারে ট্রান্স ফ্যাট ব্যবহার বন্ধ ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলোর পণ্যে বাড়তি লবণের ব্যবহার কমিয়ে আনা ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/সিআর/১৪২৬ ঘ.