আমেরিকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে গত ৪০ বছরের মধ্যে ২০১১ সালে সবচেয়ে বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ক অবিবাহিত রয়েছে বলে এক জরিপে জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫১ শতাংশ প্রাপ্তবয়স্ক অবিবাহিত। বুধবার এ তথ্য জানায় ওয়াশিংটনভিত্তিক জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।
২০১০ সালে ইউএস সেন্সাসের (আদম শুমারী) উপাত্ত পর্যালোচনা করে এ তথ্য জানায় তারা।
পিউ সেন্টারের জরিপে আরো দেখা যায়, দেশটিতে নতুন বিয়ের সংখ্যা ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে ৫ শতাংশ কম ছিলো।
জরিপে আরো দেখা যায়, প্রথমবারের মতো বিয়ে করার ক্ষেত্রেও বর্তমানে সবচেয়ে বেশি সময় নিচ্ছে। প্রথমবার বিয়ে করছেন এমন বরদের গড় বয়স ২৮ দশমিক ৭ বছর এবং কনেদের বয়স ২৬ দশমিক ৫ বছর।
১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক বিবাহিত ছিলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অর্থনৈতিক দূরাবস্থা এতে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। তবে বিয়ের হারে এমন পতনের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা প্রায় অসম্ভব বলে জানিয়েছে পিউ সেন্টার।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য শিল্পোন্নত দেশগুলোতেও বিয়ের হার ক্রমেই কমছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫৩ ঘ.
bdnews24