ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপলের প্রতিষ্ঠাকালীন কাগজপত্র নিলামে ১৫ লাখ ৯৪ হাজার ৫শ’ ডলারে (১০ লাখ ৩ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে।
সিসনেরস কর্পোরেশনের প্রধান নির্বাহী এডুয়ার্ডো সিসনেরস এটি কিনেছেন বলে বিবিসি জানায়।
তিন ধরনের অংশিদারিত্ব চুক্তির এই কাগজপত্র ১ থেকে দেড় লাখ ডলারের মধ্যে বিক্রি হতে পারে বলে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি প্রাথমিকভাবে ধারণা করেছিলো। তাদের ধারণার চেয়ে চেয়ে এটি ১০ গুণেরও বেশি দামে বিক্রি হলো।
১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপলের তিনজন সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন এসব কাগজপত্রে সই করেন। কাগজপত্রের সঙ্গে ওয়েনের পদত্যাগের ১১ দিন পর সংযুক্ত একটি সংশোধনীও ছিলো।
এডুয়ার্ডোর মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠানটির রিয়েল এস্টেট, টিভি প্রোডাকশন ও টেলিযোগাযোগসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।
সোথবি জানায়, আরো পাঁচটি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। নিলামের আয়োজনকারীকে প্রদেয় ১২ শতাংশ প্রিমিয়াম হিসেবে বিক্রয় মূল্য ধরা হয়েছিলো। এতে করে কাগজপত্রের প্রকৃতমূল্য দাঁড়ায় ১৩ লাখ ৫০ হাজার ডলার।
আইটি রিক্রুটমেন্ট প্রতিষ্ঠান পেনকম সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওয়েড সাদি এসব কাগজপত্র বিক্রি করেন।
কয়েক হাজার ডলারে ১৯৯৪ সালে ওয়েনের কাছ থেকে তিনি এসব কিনেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩২ ঘ.
bdnews24