২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী পূর্ণ করলো ৪৩ বছর

গান, আবৃত্তি, গণসংগীত, স্মৃতিচারণ আর বক্তৃতার মধ্য দিয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গান, আবৃত্তি, গণসংগীত, স্মৃতিচারণ আর বক্তৃতার মধ্য দিয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী'। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয় মিলনমেলার। নবীণ ও প্রবীণ সদস্যরা ৪৩টি বাতি জ্বালিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করেন। স্মৃতিচারণ পর্বে সাবেক সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ বলেন, "পাকিস্তান আমলে যখন রবীন্দ্রচর্চা করা যেত না, নজরুলের গান-কবিতা সংশোধন করার ব্যবস্থা করা হয়েছিলো, তখন ধীরে ধীরে এই সংগঠনটি গড়ে ওঠে।" উদীচীর সংগঠক শফিকুল ইসলাম গোলাপ বলেন, "গানের ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেছে উদীচী। এদেশে উদীচীর আগে বসে-বসেই গান পরিবেশন করা হতো। কিন্তু উদীচী মনে করে মিছিলে সমাবেশে আন্দোলনে আমরা যেহেতু দাঁড়িয়েই থাকি। তাই আন্দোলনমুখী গানও দাঁড়িয়েই গাওয়া উচিত।" অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় সংসদ গণসংগীত ও বিভিন্ন ধরণের গান পরিবেশন করে। আবৃত্তি করেন ঝর্ণা সরকার, গান পরিবেশন করেন তাজিন সুলতানা, স্বর্ণাময়ী মণ্ডল, সেলিম রেজা প্রমুখ। স্মৃতিচারণ করে আরো বক্তব্য দেন, যতীন সরকার, বদরুল আহসান খান, মাহফুজ আলী মল্লিক, প্রয়াত সাবেক সাধারণ সম্পাক মোস্তফা ওয়াহিদ খানের স্ত্রী ফেরদৌস মহল প্রমুখ। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক প্রবীর সরদারের পরিচালনায় চলে এই মিলনমেলা। শিল্পী সংগ্রামী সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, আলতাফ মাহমুদ, শেখ লুৎফর রহমান, অজিত রায়, গোলাম মোহাম্মদ ইদু, সাইদুল ইসলাম, মোস্তফা ওয়াহিদ খান প্রমুখ প্রতিষ্ঠা করেন এই শিল্পী গোষ্ঠী। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলায় ১০ জন নিহত হন। ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোণা উদীচীর অফিসে অন্য এক হামলায় মারা যান দুজন। এই সংগঠনটির দেশে-বিদেশে বর্তমানে প্রায় আড়াইশ' শাখা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১১৫ ঘ.