থিম্পু, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েকদশকের পূর্ণ রাজতন্ত্রের কড়া বেড়াজালে আবদ্ধ ভুটানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে সবেমাত্র। এরই মধ্যে সেখানে বড় ধরনের পরিবর্তনের আশা জাগিয়ে তুলেছে ফেইসবুক।
২০০৮ সালে ভুটানে চালু হয়েছে সংসদীয় গণতন্ত্র। অথচ দুবছর আগেও ভুটানে সরকারের সমালোচনা করার সাহস ছিলো না কারো।
এ বছর সেই অসম্ভবকে সম্ভব করেছে ভূটানবাসী। দেশের কঠোর ধূমপান বিরোধী আইনের বিরুদ্ধে ফেইসবুকে জনমত গড়েছে তারা। যা আগামী দিনগুলোতে ভুটানে আরো নিবিড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।
স¤প্রতি তামাক জাতীয় দ্রব্য বহনসহ ধূমপানের ওপর নিষেধাজ্ঞা কঠোর বাধা নিষেধ আরোপ করেছে ভুটান।
তামাক বা তামাক জাতীয় দ্রব্য খুঁজে বের করতে প্রশিক্ষিত কুকুরের সাহায্যেও বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চলছে ধূমপানবিরোধী কড়া আইনের আওতায়।
এ আইনে এ পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি মানুষের কারাদণ্ড হয়েছে। এ বছর ৩ ডলার সমমূল্যের তামাক বহন করার অপরাধে একজন বৌদ্ধ ভিক্ষুর তিন বছরের কারাদণ্ডও হয়।
আর এসবেরই প্রতিবাদ জানাতে গিয়ে ফেইসবুক পাতা খোলেন ক্ষুব্ধ এক ভুটানি কিনলে শেরিং।
এরপর কয়েকমাসের মধ্যেই তার এ ডিজিটাল প্রতিবাদে সামিল হয় কয়েক হাজার মানুষ। বিষয়টি পরিণত হয় টক অব দ্য টাউনে।
তরুণ প্রজন্ম কিভাবে সামাজিক মাধ্যমকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক অধিকার আদায় করে নিতে চাইছে এ থেকেই তা স্পষ্ট।
শেরিং এর উক্তি, "ফেইসবুক গুরুত্বপূর্ণ। এ মাধ্যম সরকারের প্রকাশ্য সমালোচনার দ্বার খুলে দিয়েছে। জনগণ আরো সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৩ঘ.
bdnews24