ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগ আত্মহত্যা করেননি বলে দাবি করেছেন তার দুই জীবনী লেখক। সম্প্রতি প্রকাশিত 'ভ্যানগগ: দ্য লাইফ' বইতে তারা এ দাবি করেন।
স্টিভেন নাইফেহ ও গ্রেগরি হোয়াইট স্মিথ লিখিত ৯শ'রও বেশি পৃষ্ঠার ভ্যানগগের ওই জীবনী গ্রন্থে লেখেকরা দাবি করেন, ভ্যানগগের পরিচিত দুই বালকের গুলিতেই তার মৃত্যু হয়।
ওলন্দাজ চিত্রগুরু ভ্যানগগ ১৮৯০ সালে ৩৭ বছর বয়সে ফ্রান্সে মারা যান।
তার পরিচিত ওই দুই বালকের একজন ১৬ বছর বয়স্ক রেনে সেক্রেটান। সেক্রেটানের কাছে ত্র"টিপূর্ণ একটি বন্দুক ছিলো। ওই বন্দুকের গুলিতেই ভ্যানগগের মৃত্যু হয় বলে দুই লেখক দাবী করেছেন।
২০ জন অনুবাদক ও গবেষকের কাজ এবং ভ্যানগগের লিখিত কয়েক হাজার চিঠি নিয়ে ১০ বছর গবেষণা করে নাইফেহ ও স্মিথ জীবনী গ্রন্থটি লেখেন।
মৃত্যুর আগে ভ্যানগগ প্যারিস থেকে ২৭ কিলোমিটার উত্তরপশ্চিমে অ্যাভে স্যুর ওয়াজে বসবাস করছিলেন। সেখানে আউবার্গ র্যাভক্স ইন নামের একটি বাড়িতে থেকে কাছের গম খেতে ছবি আঁকতে যেতেন।
দীর্ঘদিন ধরে এ ধারণা প্রচলিত যে ওই গম খেতে কাজ করার সময়ই ভ্যানগগ নিজেকে গুলি করেন এবং কয়েকদিন পর আউবার্গ র্যাভক্স ইনে মারা যান।
কিন্তু লেখক স্টিভেন নাইফে বলেন , নিজেকে গুলি করার পরিকল্পনা নিয়ে ভ্যানগগ গম ক্ষেতে যাননি।
পরিচিত ওই বালকদের মধ্যে সেক্রেটানের গুলিতেই তিনি মারা যান। তবে সেক্রেটান সচেতনভাবে শিল্পীকে গুলি করেননি। ওই সময় ভ্যানগগসহ সবাই মাতাল ছিলেন। ওই অবস্থায় দূর্ঘটনাক্রমে সেক্রেটানের বন্দুক থেকে গুলি বেরিয়ে ভ্যানগগের পেটের ওপর দিকে লাগে। আর তাতেই কয়েকদিন পর মারা যান ভ্যানগগ।
তবে ভ্যানগগ এ ঘটনা প্রকাশ না করে এর দায়িত্ব নিজের ওপর টেনে নেন। তিনি নিজেকে গুলি করেছেন বলে ঘোষণা করেন।
এর কারণ হিসেবে বলা হয়, নতুন ধারার শিল্পী ভ্যানগগের কোন ছবিই তখন বিক্রি হচ্ছিলো না। তার খরচ চালাতো ছোট ভাই থিও। থিওর প্রতি ভালবাসা ও নিজের খরচ বহনের চাপ থেকে তাকে মুক্তি দিতেই তিনি মৃত্যুকে বরণ করেন।
জীবনী গন্থের সহলেখক গ্রেগর স্মিথ বলেন, "ভ্যানগগ মৃত্যু চেয়েছিলেন এমন নয়। তবে মৃত্যু যখন তার কাছে হাজির হলো তিনি তাকে স্বাগত জানান।"
ভাগ্যহত চিত্রশিল্পী ভ্যানগগ জীবনের শেষ দশ বছরের কাজের মাধ্যমে চিত্রশিল্পের একটি নতুন ধারা এক্সপ্রেশনিজম চালু করেন। এ ধারা বিশ্বের চিত্রশিল্পে মৌলিক পরিবর্তন সূচনা করে একে পুরোপুরি পাল্টে দেয়।
যে ভ্যানগগের ছবি তার জীবদ্দশায় বিক্রি হয়নি, মৃত্যুর পর সেসব ছবিই বিশ্বের সবচেয়ে মহার্ঘ্য শিল্পকীর্তি হিসেবে ব্যাপক সমাদৃত হয়। বর্তমান বিশ্বে ভ্যানগগ সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে স্বীকৃত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৬ঘ.
bdnews24