ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল পুরস্কারের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে। নিয়ম অনুযায়ী মৃত কারো নাম নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয় না। কিন্তু প্রথমবারের মতো একজন মৃত বিজ্ঞানীর নামে এই পুরস্কার ঘোষিত হয়েছে এবং তা বহাল রয়েছে।
সোমবার চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য ৩ জনের নাম ঘোষণার পরই জানা গেল, এই ৩ বিজ্ঞানীর একজন আর জীবিত নেই। তবে নোবেল ফাউন্ডেশন দাবি করেছে, তাদের অজ্ঞাতেই এমনটি ঘটেছে।
এ বছর চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার বিজয়ী হিসেবে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার ৩ বিজ্ঞানী নাম ঘোষণা করে নোবেল ফাউন্ডেশন। এদের মধ্যে কানাডিয়ান বিজ্ঞানী রল্ফ স্টেইনম্যানের নাম ঘোষণার পর জানা যায় তিনি দু'দিন আগেই মারা গেছেন।
ফলে স্টেইনম্যানের পুরস্কারপ্রাপ্তি নিয়ে বিভ্রান্তি দেখা দেয় বলে বিবিসি জানায়।
প্রফেসর স্টেইনম্যান যেখানে কাজ করতেন সেই রকফেলার বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে জানায়, বিজ্ঞানী রল্ফ স্টেইনম্যান ৩০ সেপ্টেম্বর, শুক্রবার ৬৮ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যান্সারজনিত কারণে মারা গেছেন।
ঘটনাটি জানার পর এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, প্রফেসর স্টেইনম্যানের মৃত্যুর খবর তাদের জানা ছিল না এবং তিনি বেঁচে আছেন এরকম 'শুভ বিশ্বাস' থেকেই বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
"যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। নোবেল পুরস্কারের ইতিহাসে এ রকম কোন ঘটনা এর আগে ঘটে নি। নিয়ম অনুযায়ী মৃত কোন ব্যক্তিকে পুরস্কার প্রদান করা যায় না। তবে ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী নাম ঘোষণার পর পুরস্কার গ্রহণের আগেই কারো মৃত্যু হলে তার পুরস্কার বহাল রাখা যেতে পারে।"
"শুভ বিশ্বাসের বশবর্তী হয়ে আমরা ধরে নিয়েছিলাম, প্রফেসর স্টেইনম্যান বেঁচে আছেন। সিদ্ধান্ত গ্রহণের সময় যদিও তিনি আর বেঁচে ছিলেন না তবে মাত্র একদিন আগেই তিনি বেঁচে ছিলেন।"
"তবে সব কিছু বিবেচনা করে এবং ফাউন্ডেশনের নিয়মানুযায়ী প্রফেসর রল্ফ স্টেইনম্যানকে চিকিৎসাবিজ্ঞানে ২০১১ সালের নোবেল পুরস্কার প্রদান করা হবে।"
মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থার মূলসূত্র উদ্ভাবন করে বিষয়টি সম্পর্কে ধারণায় 'বৈপ্ল¬বিক' পরিবর্তন আনায় প্রফেসর রল্ফ স্টেইনম্যানের সাথে যুক্তরাষ্ট্রের ব্র"স বিউটলার এবং লুক্সেমবার্গে জন্মগ্রহণকারী ফরাসি জীববিজ্ঞানী জুলস হফম্যানকে চিকিৎসাবিজ্ঞানে এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হয়।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ বাটলার ও হফম্যান পাবেন মোট পুরস্কারের অর্ধেক, অর্থাৎ ৫০ লাখ সুইডিশ ক্রোনার। বাকি ৫০ লাখ পাবেন স্টেইনম্যান।
আগামী মঙ্গলবার পদার্থবিদ্যায় এবং পরদিন রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। শুক্রবার শান্তিতে, ১০ অক্টোবর অর্থনীতিতে এবং অক্টোবরের প্রথম দিকেই সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৮ ঘ.
bdnews24