ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো পাকিস্তানির মাহাত্মা গান্ধীর ছবি আঁকার বিষয়টিই বিরল। আর তা যদি নিজের রক্ত দিয়ে তাহলে তা একটি বিশেষ ঘটনাই বটে। আর এমন একটি কাণ্ডই করেছেন পাকিস্তানের নাগরিক আব্দুল ওয়াসিল।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভারতে ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের পুরোধা এবং দেশটির জাতিরজনক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর ১৪২তম জন্মদিনে রোববার রাজঘাটে গান্ধী স্মৃতি ও দর্শনে ওয়াসিল এ চিত্রকর্মটি উপস্থাপন করেন।
গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে আসা লাহোরের অধিবাসী ওয়াসিল বলেন, "শত্র"তা ভুলে একত্রে বাস করার এখনই সময় আর জনগণকে বিষয়টি বলার এটাই শ্রেষ্ঠ উপায়। আমি জানি মহাত্মা অহিংস ছিলেন, তারপরও আমি রক্ত দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে বলতে চেয়েছি, সীমান্তের কোনো অংশেই আর রক্তপাত চাই না।"
তিনি আরো বলেন, "আমার শ্রদ্ধা জানানোর এ পদ্ধতিতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আমার বিশ্বাস এটা মানুষের হৃদয়কে স্পর্শ করবে।"
পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল রোডে ওয়াসিলের একটি দোকান রয়েছে। ২০০৯ সালে পাকিস্তানি এ ক্যালিওগ্রাফার সিরিঞ্জের সাহায্যে নিজের শিরা থেকে রক্ত বের করে গান্ধীর ছবিটি আঁকেন।
এ বিষয়ে তিনি বলেন, "মহাত্মার ছবি আমার মনে আঁকাই ছিল। আমি শুধু তা ক্যানভাসে এনেছি।"
মহাত্মা গান্ধীর ছবিটি রোববার রাজঘাটে গান্ধী স্মৃতি ও দর্শন সমিতিতে তার নাতনি তারা ভট্টাচার্য্যকে উপহার দিয়েছেন ওয়াসিল।
গান্ধী ছাড়াও ওয়াসিল পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নোবেল শান্তি পুরস্কার জয়ী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ছবিও নিজের রক্ত দিয়ে এঁকেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১২ ঘ.
bdnews24