২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি মেলা: স্বপ্ন আর বাস্তবতার আলোছায়া

দৃক আয়োজিত ষষ্ঠ ছবি মেলায় আরো চারটি প্রদশর্নীর উদ্বোধন হয়েছে রোববার। এনিয়ে মোট ২৩টি প্রিন্ট প্রদশর্নীর উদ্বোধন হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৃক আয়োজিত ষষ্ঠ ছবি মেলায় আরো চারটি প্রদশর্নীর উদ্বোধন হয়েছে রোববার। এনিয়ে মোট ২৩টি প্রিন্ট প্রদশর্নীর উদ্বোধন হলো। বিকালে মানবাধিকার কর্মী খুশি কবীর দৃক গ্যালারিতে এসব প্রদশর্নীর উদ্বোধন করেন। এসময় বিভিন্ন দেশের আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী চারটি হলো- বাংলাদেশের মুনেম ওয়াসিফের 'নোনা পানির আহাজারি', দেবাশিষ সোমের 'ঢাকা: আমার স্বপ্ন আমার বাস্তবতা', ভারতের ডেভিড ডি সুজার 'স্বপ্ন' এবং যুক্তরাষ্ট্রের ডেভিড বার্নেডের '৪৪ দিন- ইরান এবং বিশ্বের পুনরায় সৃষ্টি'। উদ্বোধনের পর সংশ্লিষ্ট আলোকচিত্রীরা তাদের ছবির প্রেক্ষাপট ও বিষয়বস্তু তুলে ধরেন। 'নোনা পানির আহাজারি' শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার ১৭টি উপজেলায় পানির জন্য মানুষের হাহাকার ও দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। এসব এলাকার সিডরে আক্রান্ত মানুষের মানবেতর জীবনযাপনের বাস্তব চিত্রও উঠে এসেছে ছবিতে। 'ঢাকা: আমার স্বপ্ন আমার বাস্তবতা'য় স্থান পেয়েছে ব্যস্ত ঢাকার কোলাহলপূর্ণ জনজীবনের বাইরের একেবারে ভিন্ন কিছু ছবি। 'স্বপ্ন' শিরোনামের প্রদর্শনীর ছবিগুলোতে ধারণ করা হয়েছে মানুষের নানা অলৌকিক স্বপ্নকে। বিভিন্ন ব্যক্তির স্বপ্নভাষা অনুধাবন এবং সাংকেতিক ভাষার পাঠোদ্ধারের চেষ্টা করেছেন শিল্পী। এছাড়া '৪৪ দিন- ইরান এবং বিশ্বের পুনরায় সৃষ্টি' শীর্ষক প্রদর্শনীর ছবিগুলো ইরানের সেই বিপ্লবের সংঘাত-বিক্ষুব্ধ দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায় দর্শকদের। ৩০ বছরের পুরনো ইরানি বিপ্লবের যাত্রাপথ, শাহ'দের শাসনের শেষ দিনগুলো এবং মধ্যবর্তী সময়ের বিভিন্ন ঘটনা-প্রবাহ ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী ডেভিড বার্নেড। বিশ্বব্যাপী অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারের মধ্য দিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব 'ছবি মেলা-৬' শুক্রবার থেকে ঢাকায় শুরু হয়েছে। এবার উৎসবের প্রতিপাদ্য-'স্বপ্ন'। ৩১টি দেশের অংশগ্রহণে ১৪ দিন ধরে চলবে এ মেলা। ভেন্যু: ঢাবির চারুকলার লিচুতলা এদিকে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের লিচুতলায় ছবি মেলার আরো দুটি প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় উৎসব পরিচালক শহিদুল আলম ও বিভিন্ন দেশের আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীগুলো হলো- পুয়ের্তো রিকোর আলোকচিত্রী কারেন নরের 'ইন্ডিয়ার গান' ও হাঙ্গেরীর টমাস ডেসজো'র 'এখানে যে কোনোখানে'। 'ইন্ডিয়ার গান' শীর্ষক প্রদর্শনীতে ভারতের বিভিন্ন স্থাপত্যকীর্তির শোভাবর্ধনকারী প্রাণীদের ছবি স্থান পেয়েছে। আর 'এখানে যে কোনোখানে' শীর্ষক প্রদর্শনীতে আছে হাঙ্গেরীর মাঠ, প্রান্তর আর বরফ ঢাকা জঙ্গলের অসাধারণ ছবি। ছবি মেলার এবারের আয়োজনে রয়েছে- ২৯টি প্রিন্ট প্রদর্শনী, রিক্সা-ভ্যানে ১০টি ভ্রাম্যমান প্রদর্শনী, ৩৩টি ডিজিটাল প্রদর্শনী, দু'টি চলচ্চিত্র এবং একটি নাটক। এছাড়া নয়টি কর্মশালা এবং একটি পোর্টফোলিও মূল্যায়ন অনুষ্ঠিত হবে। নগরীর আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এশিয়াটিক গ্যালারি অব ফাইন আর্টস, ব্রিটিশ কাউন্সিল, দৃক গ্যালারি, গ্যোটে ইন্সটিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় প্রায় ৪০০ আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ক্যাম্বোডিয়া, চিলি, ফ্রান্স, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, মোজাম্বিক, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপিন্স, পুয়ের্তো রিকো, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা, টোগো, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উৎসবে অংশ নিচ্ছে। ষষ্ঠ ছবি মেলার মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চ্যানেল আই, রেডিও টুডে, দি ইন্ডিপেন্ডেন্ট এবং দৈনিক সমকাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এইচএ/১৮৩২ ঘ.