২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের মধ্যে কম দামে বৈদ্যুতিক গাড়ি নয়

আগামী পাঁচ বছরের মধ্যে ক্রয়সীমার মধ্যে বৈদ্যুতিক গাড়ি বাজারজাতের কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্বের অধিকাংশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহীরা। সম্প্রতি এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী পাঁচ বছরের মধ্যে ক্রয়সীমার মধ্যে বৈদ্যুতিক গাড়ি বাজারজাতের কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্বের অধিকাংশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহীরা। সম্প্রতি এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। তাদের অনেকে মনে করেন, সরকারি ভর্তুকি ছাড়া বৈদ্যুতিক গাড়ি কেনা সম্ভব হবে না। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি দ্রুত বর্ধনশীল খাতে পরিণত হবে এমনটিও মনে করেন না তারা। বিশ্বের অন্যতম বৃহৎ ট্যাক্স অ্যান্ড অডিট প্রতিষ্ঠান কেপিএমজি এই জরিপ পরিচালনা করে বলে বিবিসিসূত্রে জানা গেছে। গাড়িপ্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে বিনিয়োগ করছে। জরিপে দেখা গেছে নতুন গাড়ি কেনার সময় ক্রেতারা একমাত্র জ্বালানি সাশ্রয়ের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এ কারণেই রেনাল্ট ও নিশানের মতো গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো 'বিশুদ্ধ বৈদ্যুতিক গাড়ি' তৈরির ব্যাপারে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। টয়োটা এবং জেনারেল মটরর্সের মতো অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ ও পেট্রোলে চলে এমন ইঞ্জিন তৈরির ব্যাপারে বেশি আগ্রহী। আগামী দুই বছর এই চার গাড়িপ্রস্তুতকারক প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে বৈদ্যুতিক গাড়ির বিভিন্ন মডেল উপস্থাপন করবে। ইতোমধ্যে বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড ছাড় দেওয়ার ব্যাপারে একটি স্কিম চালু করেছে যুক্তরাজ্য। অন্যান্য দেশের সরকাররাও বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৩ঘ.