২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যরকম চেহারায় ঢাকা

ঈদের পরের দিন রোববার রাজধানী ঢাকা অন্যরকম চেহারা ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 07:24 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের পরের দিন রোববার রাজধানী ঢাকা অন্যরকম চেহারা ধারণ করেছে। প্রধান প্রধান সড়কগুলো যানজটমুক্ত। তবে শাহবাগের শিশু পার্ক, সোহরাওয়ার্দি উদ্যানের সবুজ চত্বর, গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক ও মীরপুরের চিড়িয়াখানায় সকালেই মানুষের ভিড় রয়েছে। ঈদের তিনদিনের সরকারি ছুটি রোববারই শেষ। সোমবার অফিস-আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আবার খুলছে। রোববার সকালে ভিন্ন চিত্র ধারণ করে ঢাকা। নগরীর অধিকাংশ সড়ক ফাঁকা, পথচারীর সংখ্যাও তুলনামূলকভাবে কম। রিকসা কিংবা গাড়িতে দ্রুতই যাওয়া যায় মহানগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রেসক্লাব থেকে মোহাম্মদপুর আসতে মাত্র ১৫ মিনিট সময় লেগেছে ইস্টার্ণ ব্যাংকের কর্মকর্তা হাসান ইমামের। সকালে মেগা সিটি বাসে মোহাম্মদপুর আসার সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবদিনই যদি রাজধানীর চিত্র এরকম হতো, তবে জীবনটা প্রাণবন্ত থাকতো। যানজট হবে- এরকম দুচিন্তা নিয়ে প্রতি রোববার বাসা থেকে বেরুতে হয়। এই রোববারটি ভালোই লাগছে। ১৫ মিনিটে মোহাম্মদপুর এসেছি।'' শিশু পার্কের সামনে ভাড়া নিয়ে এসেছেন রিকসা চালক হাবিব। মালিবাগ চৌধুরী পাড়া থেকে যাত্রী নিয়ে তার আসতে সময় লেগেছে ২৫ মিনিটের মতো। তিনি বলেন, "সকাল থেকে রাস্তায় গাড়ি কম। তিন ঘন্টায় ৫টি খ্যাপ পাইছি। কামাই ভালো না।'' শিশু পার্কে ছেলে-মেয়ে নিয়ে বেড়াতে এসেছে আমিন উদ্দিন শিকদার। স্কুল শিক্ষক শিকদার জানান, সিএনজি স্কুটারের ভাড়া বেশি। রিকসা করে শাহজাহানপুর থেকে শিশুপার্কে এসেছি। রাস্তায় ভিড় তেমন নেই। ট্রাফিকজটও দেখিনি।'' তিনি বলেন, "চার দিন আগেও ঢাকার রাস্তার চিত্রটি ছিলো আজকের চেয়ে ভিন্ন। ঈদের পরদিন যানজট হবে ভেবে সকালেই শিশুপার্কে এসেছি। রাস্তায় যানজট না পেলেও শিশুপার্কে প্রবেশের জট থেকে মুক্তি পাইনি। আধা ঘন্টা দাঁড়িয়ে শিশুপার্কে ঢুকেছি- কিন্তু বাচ্চাদের এ্যারোপ্লেনে চড়ার লাইনে থাকতে হয়েছে অনেকক্ষণ। গরমে এই অপেক্ষা বিরক্তিকর।" তারপরও তিনি খুশি। তিনি তার ছেলেমেয়েদের ঈদের আনন্দ দিতে পেরেছেন। আমিন শিকদারের দুই ছেলে আর এক মেয়ের এবারের ঈদের আবদার ছিলো শিশুপার্কে গিয়ে এ্যারোপ্লেনে চড়া। নানা বয়েসী মানুষের ভিড়ে রোববার সকাল থেকেই মীরপুর চিড়িয়াখানা সরব। জিরাফ, সিংহ, রয়েল বেঙ্গল টাইগার,ময়ুর, ইম্পালা, বানর, হনুমান- নানা প্রানীর খাঁচার সমানে ভিড়টা একটু বেশিই। জলহস্তির কাছেও একই অবস্থা। উত্তরা মডেল স্কুলের ছাত্রী শিরিন তার মা-বাবার সঙ্গে ঢাকা চিড়িয়াখানায় এসেছে। বললো, "ভালো লাগছে এখানে। দুই-তিন ঘণ্টা থাকবো। 'এ্যালিফেন্ট আংকেল' এর পিঠে চড়ব।" পুরান ঢাকা থেকে জিরাফ দেখতে মামার সঙ্গে এসেছে শিহাব। ৯ বছরের এই শিশুটি জিরাফের মুখ দেখতে মামার কাঁধে উঠেছে। মামাকে নানা প্রশ্ন শিহাবের- জিরাফ এতো লম্বা কেনো। রাতে কিভাবে ঘুমায় ইত্যাদি।" চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, সাধারণভাবে গড়ে প্রতিদিন ঢাকা চিড়িয়াখানায় ১০ হাজার দর্শণার্থী যায়। তবে ঈদের ছুটিতে তিনগুন বেশি দর্শণার্থী হবে বলে কর্তৃপক্ষের প্রত্যাশা। প্রায় ১৮৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ চিড়িয়াখানায় এখন প্রায় দেড়শ' প্রজাতির দু' হাজারের বেশি প্রাণি রয়েছে। ঈদের দিন থেকে এক সপ্তাহের জন্য চিড়িয়াখানার ভেতরে একটি নিয়ন্ত্রণ কক্ষ বসানো হয়েছে। সেখানে দর্শণার্থীদেরকে বিভিন্ন সহযোগিতা ও নির্দেশনা দেওয়া হচ্ছে। সায়েদাবাদে পরিবার-পরিজন নিয়ে দীর্ঘক্ষণ বসে ছিলেন বেসরকারি চাকুরিজীবী ইমদাদুল হক। তিনি বলেন, "ঈদের পর বাড়ি যাচ্ছি। কিন্তু গাড়ি নেই। ঈদের ছুটির আমেজ কাটেনি। ঈদের ভিড়ের কারণে বাবাকে সালাম করতে পরিবার নিয়ে কুমিল্লা যাচ্ছি। এখনো গাড়ি আসেনি। কাউন্টার থেকে বলছে, একটু পরই নাকি গাড়ি আসবে। দুই ঘন্টা অপেক্ষায় করছি।" গুলশান, ধানমন্ডি, তোপখানা রোড, বারিধারা, বনানী, উত্তরা, মহাখালী, ক্রিসেন্ট লেক সড়ক, মিরপুর সড়কসহ প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি কম। ঈদের ছুটির পর রাজধানীর এমন চিত্র আগামী ২/৩ দিন পরই পাল্টে যাবে। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হানিফ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকাকে সুন্দর ও তিলোত্তমা নগরীতে রূপান্তরিত করতে হলে যানজটের নিরসন দ্রুত করতে হবে। নইলে ঢাকা মানুষের বসবাসের অনুপযোগী নগরী হিসেবে চিহ্নিত হবে। আমরা সুন্দর সবুজ ঢাকা চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩২১ ঘ.