২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবী সুনন্দা পুস্করকে বিয়ে করলেন শশী থারুর

ভারতের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর রোববার তার দীর্ঘদিনের বান্ধবী সুনন্দা পুস্কর কে বিয়ে করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 06:04 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ভারত, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-----ভারতের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর রোববার তার দীর্ঘদিনের বান্ধবী সুনন্দা পুস্কর কে বিয়ে করেছেন। এনডিটিভি রোববার একথা জানিয়েছে। কেরালার থারুরের পৈত্রিক বাড়িতে নিকট আত্মীয়স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কাশ্মিরী সুনন্দা ও থারুর দুজনেরই এটি তৃতীয় বিয়ে। ৫৪ বছরের থারুর সঙ্গে সুনন্দার প্রেমের গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। এ বিয়ে সেসব জল্পনার অবসান ঘটালো। সুনন্দাকে নিয়ে এক বিতর্কের কারণেই শেষ পর্যন্ত উপ-পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শশী থারুর। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর একটি ক্রিকেট দলের মালিকানা অবৈধভাবে সুনন্দাকে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে থারুরের বিরুদ্ধে। সুনন্দাকে বিনা পয়সায় একটি দলের আংশিক স্বত্ত্ব পাওয়ার ঘটনাটি সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে প্রকাশিত হয়। ফলে শেষ পর্যন্ত সরকারকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষার জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে থারুরকে সরে দাঁড়াতে হয়। তবে বরাবরবই ওই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। থারুর দীর্ঘদিন জাতিসংঘের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে শেষ পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের পদের জন্য লড়াইয়ে হেরে ২০০৭ সালে জাতিসংঘ ছেড়ে আসেন থারুর। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজয়ী থারুরকে উপরাষ্ট্রমন্ত্রী পদ দেয়া হয়েছিল। পদত্যাগ করার আগ পর্যন্ত এক বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২০৯ ঘ.