২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকের বাজারে ভিড়

ঈদ সামনে রেখে পোশাকের বাজারে ক্রেতাদের ভিড় জমেছে। কেনা-বেচা পুরোপুরি জমে না উঠলেও ক্রেতাদের পোশাক যাচাই-বাছাই চলছে বেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে পোশাকের বাজারে ক্রেতাদের ভিড় জমেছে। কেনা-বেচা পুরোপুরি জমে না উঠলেও ক্রেতাদের পোশাক যাচাই-বাছাই চলছে বেশ। বেশিরভাগ ক্রেতা পছন্দের পোশাকটি দেখে রাখছেন যাতে বেতন-বোনাস হাতে পেলেই দরদাম করে তা কিনে ফেলা যায়। মেয়েরা তাদের জামা বানানোর সরঞ্জাম কিনতে ভিড় জমিয়েছেন গজ কাপড়ের বাজারে। মিরপুরে বেনারসী পল্লী, ধানমণ্ডি হকার্স মার্কেটে ক্রেতাদের ভিড় আছে। এবার ঈদের নতুন আকর্ষণ কী তা জানতে বেশ আগ্রহী ক্রেতারা। মিরপুর বেনারসী পল্লীর মোহাম্মদী সিল্ক হাউসের বিক্রেতা কাজী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদে নতুন কী শাড়ি এসেছে তা খোঁজ নিতে আসছেন ক্রেতারা। তবে ঐতিহ্যবাহী শাড়ির চাহিদা সব সময়ই থাকে।" তিনি জানান, এবার ঈদে ঐতিহ্যবাহী কাতান, জামদানি, তাঁতের শাড়ির পসরা সাজাবেন তারা। কাতানের মধ্যে রয়েছে সফট কাতান, জুট কাতান, মিরপুরী কাতানসহ নানা মানের কাতান। টাঙ্গাইলে তৈরি সফট কাতানের দাম আড়াই হাজার থেকে ৭/৮ হাজার টাকার মধ্যে বলে জানান শাহ আলম। এ কাতানের বিশেষত্ব হচ্ছে এর জমিনে ছোট নকশা বা বুটি। তিনি জানান, এ কাতান শাড়ি তৈরির কাঁচামাল মিরপুর থেকেই সরবরাহ করা হয়। টাঙ্গাইলে শুধু তৈরি করা হয়। কারণ, এর নকশার কাজে এখানকার কারিগরদের চাইতে টাঙ্গাইলের কারিগরদের দক্ষতা বেশি। শাহ আলম আরো জানান, জুট কাতানের দাম ৫ থেকে ৭ হাজার টাকা, ঢাকাই জামদানি আড়াই হাজার থেকে ৮/৯ হাজার টাকা, সুতি তাঁতের শাড়ির দাম ২৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা, মিরপুরের তৈরি কাতানের দাম দেড় হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে গতবারের আকর্ষণ টিস্যু কাতান ও জর্জেট শাড়ির সমাহার। এগুলোর জমিনে সিকোয়েন্সের কাজ চোখ জুড়ায়। ধানমণ্ডি হকার্স মার্কেটের স্বর্ণা বেনারসী শাড়ি হাউসে শাড়ি দেখতে এসেছিলেন ইডেন কলেজের ইংরেজী বিভাগের ছাত্রী নওশীন ইন্তেখাব দিনার। ক্ষোভের সঙ্গে দিনার বলেন, "বিক্রেতারা এবারের নতুন ডিজাইনের শাড়ি এখনো বের করছে না। তারা পনের রোজার পরে এসব বের করে। তখন এতো হুড়োহুড়ি থাকে যে, পছন্দ করে কেনার সুযোগ থাকে না।" তবে দোকানের বিক্রেতা রফিক আজম এ অভিযোগ হেসেই উড়িয়ে দিলেন। তিনি বলেন, "রমজানের প্রথম দিকে অনেকেই কেনার নাম করে শাড়ি নামিয়ে দেখে। কিন্তু কেনে না। এই ক্রেতারাই শাড়ী কিনতে আসবে পনের রমজানের পরে।" এ মার্কেটে জামদানি শাড়ির দোকানগুলোতে অবশ্য ঈদের কেনা-বেচা শুরু হয়ে গেছে বলে জানান বিক্রেতারা। জামদানি শাড়ি কুটিরের বিক্রেতা সাইফুল আহমেদ বলেন, "জামদানি শাড়িতে শুধু ডিজাইনের বৈচিত্র্য হতে পারে। যারা ঈদে সবার চেয়ে আলাদাভাবে সাজতে চায়, তারাই জামদানি শাড়ির দিকে ঝুঁকে। তাই তারা আগে ভাগে শাড়ি কিনে ফেলে।" ইতিমধ্যেই তাদের শাড়ি বিক্রি শুরু হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, সর্বনিু ১ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত দামের জামদানি শাড়ি দোকানে রাখেন তারা। এছাড়াও রয়েছে টাঙ্গাইল শাড়ি, সুতির জামদানি শাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/কেএমএস/১২৪৬ ঘ.