সিডনি, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মায়েদের জন্য বিশ্বের সেরা দেশ নরওয়ে ও অস্ট্রেলিয়া। পক্ষান্তরে সবচেয়ে খারাপ জায়গা আফগানিস্তানসহ আফ্রিকার অনেক দেশ।
বার্ষিক মা সূচক থেকে একথা জানা গেছে।
মূলত শিক্ষা, অর্থনৈতিক সুবিধা ও স্বাস্থ্যসেবা পাওয়ার সহজলভ্যতার উপর নির্ভর করে ১৬০টি দেশের একটি তালিকা করা হয়।
সেভ দ্য চিলড্রেনের একাদশ বার্ষিক সূচকের এ তালিকায় সবার উপরে স্থান করে নিয়েছে নরওয়ে। তারপরেই আছে অস্ট্রেলিয়া ও আইসল্যান্ড।
গতবার তালিকার শীর্ষস্থানে থাকা সুইডেন নেমে এসেছে তালিকার চার নম্বরে। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হচ্ছে, ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম ও জার্মানি।
একইভাবে এ তালিকার তলানিতে স্থান পেয়েছে আফগানিস্তান। তাদের উপরে আছে নাইজার, চাদ, গিনি বিসাউ, ইয়েমেন, কঙ্গো, মালি, সুদান, ইরিত্রিয়া ও ইকোয়াটোরিয়াল গিনি।
২০০৯ সালের তালিকায় সর্বনিুে ছিল নাইজার।
২০১০ সালের এ তালিকায় ৪৭টি উন্নত দেশের সঙ্গে ১১৭টি উন্নয়নশীল দেশও আছে। সারা বিশ্বে প্রতি বছর গর্ভকালীন ও সন্তান জন্ম দেওয়ার সময় প্রায় সাড়ে তিন লাখ নারী মারা যায় এবং পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই মারা যায় প্রায় ৯০ লাখ শিশু। এ বিষয়টি তুলে ধরতেই তালিকাটি করা হয়।
সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানায়, "তালিকার নিচের দশটি দেশে মা ও শিশুদের পরিস্থিতি সত্যিই নির্মম। গর্ভকালীন নানা জটিলতায় এখানে গড়ে প্রতি ২৩ জনে একজন মা মারা যায়। প্রতি ছয়জন শিশুর মধ্যে একজন পাঁচ বছর পেরুনোর আগেই মারা যায়। আর প্রতি তিন জন শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে।"
গত বছরের তালিকায় ২৭ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র এবারের তালিকায় এক ধাপ নিচে নেমে ২৮ নম্বরে স্থান পেয়েছে।
যুক্তরাষ্ট্রের মাতৃমৃত্যুর হার বৃদ্ধিই এর কারণ। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রেই মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি চার হাজার আট শ' জনে একজন মা মারা যায় ।
এছাড়া অন্যান্য উন্নত দেশগুলোর চেয়ে যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন ছুটিও কম দেওয়া হয়।
সেভ দ্য চিলড্রেন এর এভরিওয়ান ক্যাম্পেইন'র ভাইস চেয়ারম্যান ম্যারি বেথ পাওয়ার্স এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্রের পরিস্থিতির উন্নতি দরকার। তবে উন্নয়নশীল দেশগুলোর মা ও শিশুরা আরও অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে। প্রশিক্ষিত ধাত্রী স্বল্পতা এবং জন্ম নিয়ন্ত্রণের অপ্রতুলতায় তালিকার তলানিতে থাকা দেশের মায়েদের গর্ভকালীন ঝুঁকি বাড়ছে। এর ফলে মাতৃমৃত্যুর পাশাপাশি শিশুমৃত্যুর হারও বাড়ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪৪২ঘ.
bdnews24