২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গণমাধ্যমে নেতিবাচক সংবাদে শিশুমনে বিরূপ প্রভাব পড়ছে'

গণমাধ্যমে লাশের ছবি এবং হিংস্রতার সংবাদ প্রকাশের ফলে শিশুদের মনে বিরূপ প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে তাদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে লাশের ছবি এবং হিংস্রতার সংবাদ প্রকাশের ফলে শিশুদের মনে বিরূপ প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে তাদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে। মঙ্গলবার এক গবেষণা-সমীক্ষায় এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, প্রতিদিন দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের মাত্র তিন শতাংশ শিশু বিষয়ক। এছাড়া ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয় দুই শতাংশ। এসব সংবাদের অধিকাংশই শিশুদের মৃত্যু নিয়ে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'শিশুদের নিয়ে নৈতিকতানির্ভর প্রতিবেদন তৈরি' শীর্ষক এক সেমিনারে এ সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। 'বেইজলাইন স্টাডি: সংবাদ মাধ্যমে শিশু' শীর্ষক এই গবেষণা-নিবন্ধ সেমিনারে উপস্থাপন করেন গবেষক-সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এর আয়োজন করে। গবেষক তাহমিনা বলেন, "গণমাধ্যমে মৃতদেহের আলোকচিত্র, চাঞ্চল্যকর কিংবা হিংস্রতার সংবাদ প্রকাশের ফলে শিশুমনে নেতিবাচক প্রভাব পড়ছে। এ ধরনের সংবাদ পরিবেশনের কারণে শিশুরা আতঙ্কে ভুগে থাকে। এমনকি তারা অপরাধকর্মেও জড়িয়ে যেতে পারে।" কখনো কখনো নেতিবাচক সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমে নৈতিকতার বিষয়টি যথাযথভাবে গুরুত্ব দেয় হয় না বলেও মন্তব্য করেন তিনি। ২০০৯ সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত তিনমাস এ সমীক্ষা চালান তাহমিনা। তিনি দেশের ১২টি সংবাদপত্র এবং তিনটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদ বিশ্লেষণ করেন। তাহমিনা আরো বলেন, গণমাধ্যমে শিশু সম্পর্কিত অনেক প্রতিবেদন প্রকাশ হয়। তবে সুনির্দিষ্ট বিষয়ে আলোকপাত, পরিকল্পনা, তাৎক্ষণিকতা ও গভীর অনুসন্ধানের অভাব লক্ষণীয়। এজন্য শিশুদের জীবনকে প্রভাবিত করে এমন ইস্যু নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে একটি আচরণবিধি প্রণয়ন এবং নৈতিকতানির্ভর সংবাদিকতাকে উৎসাহিত করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান এই গবেষক। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সংবাদ পরিবেশনের সময় নৈতিকতার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে শিশুদের নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অধিক সর্তকতা অবলম্বন করতে হবে। শিশুমনে নেতিবাচক প্রভাব ফেলে এমন খবর পরিবেশন না করাই উচিত। ইউনিসেফ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশই শিশু। অথচ গবেষণা প্রতিবেদন অনুযায়ী সংবাদপত্রে প্রকাশিত সংবাদের মাত্র তিন শতাংশ শিশু বিষয়ক। এব্যাপারে আরো বেশি নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন ইউনিসেফ প্রতিনিধি। সেমিনারে 'রিপোর্টারের জন্য নীতি-নৈতিকতা: প্রসঙ্গ শিশু' শীর্ষক একটি নির্দেশনা পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে আরো বক্তব্য দেন- সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ইউনিসেফের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান ক্রিস্টিন জোম্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২২৩০ ঘ.