সিওল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ার বর্ষসেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পাচ্ছেন বলিউডের যশ চোপড়া।
দক্ষিণ কোরিয়ার পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এ পুরস্কার দেওয়া হবে বলে বৃহস্পতিবার এব বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন।
এর আগে হংকংয়ের অভিনেতা ও পরিচালক এ্যান্ডি লউ এবং তাইওয়ানের প্রয়াত পরিচালক এডওয়ার্ড ইয়াং এ পুরস্কার পেয়েছেন।
আগামী ৮-১৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় এ বন্দর নগরীতে এশিয়ার অন্যতম বৃহৎ এ চলচ্চিত্র উৎসব হবে।
বিবৃতিতে বলা হয়, কয়েক দশক ধরে ভারতের সবচেয়ে প্রভাবশালী প্রয়োজক ও পরিচালক হিসেবে ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে উল্লেখযোগ্য অবদান রয়েছে যশ চোপড়ার।
১৯৯১ সালে মুক্তি পাওয়া 'লামহে'সহ উৎসবে যশ চোপড়ার কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।
যশ চোপড়ার প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠছানগুলোর একটি।
যশ চোপড়া নির্মিত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- সিলসিলা, কভি কভি, ডর, দিল তো পাগল হ্যায়, বীর জারা ইত্যাদি।
তার প্রয়োজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ধুম, ধুম-২, চাঁদনী, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ফানা, চাক দে ইন্ডিয়া ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএফ/এমআই/১৪১৫ ঘ.
bdnews24