২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজপথে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ণিল বিজয় শোভাযাত্রা

বর্ণিল পতাকা, ব্যানার-ফেস্টুন আর রং-বেরঙের মুখোশশোভিত বিজয় শোভাযাত্রায় বুধবার রাজপথ মাতিয়ে তোলে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণিল পতাকা, ব্যানার-ফেস্টুন আর রং-বেরঙের মুখোশশোভিত বিজয় শোভাযাত্রায় বুধবার রাজপথ মাতিয়ে তোলে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংস্কৃতিকর্মীরা ছাড়াও অনেক সাধারণ মানুষ প্রাণের টানে যোগ দেন সেই আনন্দমিছিলে। সকালে জোটের শোভাযাত্রার শুরুর আগে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার একাত্তরের যুদ্ধে আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধা ও মানুষের 'ঋণ পরিশোধে' অবিলম্বে যুদ্ধাপরাধীর বিচার দাবি করেন। বিজয় শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শেষ হয়। শোভাযাত্রায় হাজারো কণ্ঠে মুক্তিযুদ্ধের সময়কার গানগুলো শুনে সংগ্রামের সেই দিনগুলো যেন সজীব হয়ে ওঠে সবার সামনে। গত ১৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সংগঠনটির পাঁচ দিনের বিজয় উৎসব। বিজয় উৎসব উপলক্ষে রাজধানীতে ছয়টি মঞ্চ নির্মাণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে জোট। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের পাশে 'কেন্দ্রীয় শহীদ মিনার', ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে 'বিজ্ঞানী ড. এম ওয়াজেদ আলী মিয়া', ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে 'শাহ্ আব্দুল করিম ও হরিপ্রসন্ন পাল', সূত্রাপুরে 'জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র', রায়েরবাজার 'শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ' এবং মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে 'ভাষা সৈনিক গাজীউল হক ও এ টি এম শামসুদ্দিন মঞ্চে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩১১ঘ.