সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বোরকা পরে মুম্বাই গিয়েছেন তসলিমা নাসরীন। আশেপাশের লোকজন যেন তাকে চিনতে না পারে সে জন্যই কোলকাতা থেকে ট্রেনে করে মুম্বাই যাওয়ার সময় এই ব্যবস্থা নিয়েছিলেন তিনি রোববার। মুম্বাই শহর তার খুবই পছন্দের বলে জানিয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
কোলকাতা থেকে মুম্বাই পৌছে তিনি উপশহরের এক হোটেলে ওঠেন। সেখান থেকে এক পত্রিকার সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তসলিমা বলেন, " আমি মনে করি ভারতের সবচেয়ে ধর্মনিরপেক্ষ শহর হলো মুম্বাই। এর আগেও আমি এখানে এসেছি। জায়গাটাকে আমার নিজের বাড়ির মতো মনে হয়েছে। এখানে আমি নিরাপদ বোধ করি। এখানে এলে যে নিরাপত্তা বোধ তৈরি হয় আমার মনে তা আর কোথাও গেলে পাই না।"
রোববার ৪ দিনের সফরে মুম্বাই পা রাখেন নাসরিন। সেখানে তিনি ভারতের বিশিষ্ট অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ছবি তোলার ব্যাপারে তার আপত্তির কথা জানিয়ে তসলিমা বলেন, " এখন আমি খুবই ঝামেলায় আছি। আমি শাবানার সমর্থন চাই। আমি চাই উনি রাজ্য সরকারের কাছে বলুন যাতে করে এই শহরে আমার থাকার একটা ব্যবস্থা হয়।"
তসলিমা ২০০৮ সালের ফেব্র"য়ারি পর্যন্ত তার ভিসার মেয়াদ বাড়ানোরও অনুরোধ করেন। লেখিকা জানান যে, কোলকাতায় তিনি আর নিরাপদ বোধ করছেন না।
তিনি বলেন, "লুকিয়ে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পরেছি। নানা জায়গা থেকে মুম্বাইয়ে আসেন অনেকে। মুম্বাই সবাইকেই স্বাগত জানায়। এখানে কেউ অন্যের ব্যাপারে মাথা ঘামায় না। আপনি কী বললেন, কী করলেন, কীভাবে আপনার জীবিকা নির্বাহ করছেন তা নিয়ে কেউ অহেতুক কৌতুহল দেখাবে না।"
তার লেখালেখির প্রসঙ্গে তসলিমা বলেন, " একজন লেখক হিসেবে আমার লেখার স্বাধীনতা থাকা উচিত। কিন্তু রক্ষণশীলরা আমার লেখাগুলোকে ব্যাক্তিগতভাবে নেয়। আমি কেন ধর্মকে অসম্মান করতে যাবো? আমি তো শুধু আমার চিন্তাভাবনাকে প্রকাশ করি মাত্র। আমি হিন্দুদের অনেক বিতর্কিত বিষয় নিয়েও লিখেছি। কিন্তু তারা তো আমার ব্যাপারে কোন ফতোয়া জারি করেনি।"
তসলিমার প্রসঙ্গে মুম্বাইয়ের মাইনরিটি কমিশনের সভাপতি নাসিম সিদ্দিকী বলেন, " ভিসার মেয়াদ বাড়ানোর আশা নিয়ে তসলিমা মুম্বাই সফরে আসেন। পাশাপাশি তার নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে চান তিনি। তবে তার এই উদ্যোগ একেবারেই জলে গেছে। কারণ তার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি একান্তই কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬২১ ঘ
bdnews24