অক্টোম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের উত্তরের প্রদেশ হচ্ছে মেঘালয়। এই মেঘের রাজ্যে এবার বসেছিল এ যাবৎকালে সবচেয়ে বড়ো গিটার বাদনের আসর। এর আগে বিশ্বের সবচেয়ে বড়ো গিটার বাদনের আসর বসেছিল আমেরিকার কানসাস সিটিতে। গিনেজ বুকেও উঠেছির তাদের নাম। ওই রেকর্ড ভাঙার জন্যই মেঘালয়ে আয়োজকরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অনুষ্ঠানটি আয়োজন করেছিল মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম। এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আইবান ম্যাকরো জানান, "এই অনুষ্ঠানে ১৭৩০ জন গিটারিস্ট একসঙ্গে গিটার বাজিয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। কোনরকম সমস্যা ছাড়াই অনুষ্ঠানটা শেষ করতে পারায় আমরা খুবই আনন্দিত।"
আমেরিকার কানসাস সিটিতে ১৭২১ জন গিটারিস্ট অংশ নিয়েছিল।
অবশ্য মেঘালয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তাই আয়োজকরা পুরো অনুষ্ঠান ভিডিও ও কাগজে লিপিবদ্ধ করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে ম্যাকরো জানান, "এখানে গিনেসের একজন প্রতিনিধির আসার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণে তিনি এখানে আসতে পারেননি। আগের রেকর্ড ভাঙতে আমরা তাদের দেয়া সব নির্দেশনা অনুসরণ করেছি।"
তিনি আরো জানান, এই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে আরো মাসখানেক লাগতে পারে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/২০০১ ঘ
bdnews24