২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শামসুর রাহমানকে দেখতে হাসপাতালে ভিড়, অবস্থার আরো অবনতি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থা সোমবার আরো অবনতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

হাসপাতালের শয্যায় উৎকন্ঠিত সময় কাটাচ্ছেন কবি পরিবারের সদস্যরা। আর দেশ - বিদেশ জুড়ে কবির গুণমুগ্ধ বাংলাভাষীরা প্রার্থনা করছেন ক্ষণজন্মা কবির আরোগ্য।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে চেনা-অচেনা বহু লোক ভিড় করেছিল সোমবার। এরা এসেছেন সারা দেশের শহর-গ্রাম-নগর-বন্দর থেকে। প্রিয় কবির রোগের মুক্তি কামনায় গতকাল একসুরে মিলেছে সব ধার্মিকের প্রার্থনা আর নাস্তিকের কামনা। ময়মনসিংহের আদিবাসী তরুণ মিঠুন রাকসাম আইসিইউএর ভেতরে ঢুকতে পারলেও অন্যান্যরা ফটকে দাঁড়িয়ে ছিলেন প্রায় সারাদিন।

প্রাণের কবির সাথে কি তাদের দেখা হবে না? “না”। বললেন আইসিইউ এর গেটের রক্ষী রফিক। ডাক্তারের নিষেধ। ভেতরে ঢুকতে না পেরে দুপুরে বাইরেই দাড়িয়ে ছিলেন অসংখ্য উৎকণ্ঠিত ভক্তরা। সাংবাদিকরা ভেতর থেকে বেরিয়ে আসার সাথে সাথে জিজ্ঞেস করছেন, “কবি কেমন আছেন?”

কবিকন্যা সুমাইয়া রাহমান সুমি বিডিনিউজকে জানান, অসুস্থ কবির অবস্থা রোববারের চেয়ে খারাপ।

তিনি জানান, সোমবার কবি তিনবার বমি করেছেন; তার রক্তচাপ ক্ষণে ক্ষণে ওঠানামা করছে। ফুসফুসে পানি জমেছে।

সোমবার প্রায় অচেতন কবি বেলা পৌনে ৩ টার দিকে হঠাৎ করেই চোখ মেলে তাকান। কন্যা সুমিকে কিছু বলারও চেষ্টা করেন। এসময় কবি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন আর জোরে জোরে শব্দ করছিলেন। কিন্তু শব্দের কিছুই বোঝা যাচ্ছিল না। এভাবে কয়েক মিনিট চেষ্টার পর বিকাল ৩ টার দিক থেকে কবি আবার চুপ হয়ে যান। দিচ্ছেন না সাড়া। শ্বাস নিচ্ছেন জোরে জোরে। এসময় কবির শয্যা পাশে উপস্থিত ছিলেন কবির বোন শানু রাহমান আর কবির ভাইঝি তাজি রাহমান।

ডাক্তার গোলাম মোরশেদ জানান, শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতার কারণে কবি শামসুর রাহমান এখনো কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন। কবির রক্তচাপ ক্ষণে ক্ষণে উঠানামা করায় তারা দুশ্চিন্তায় আছেন। রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য দুই ধরনের ওষুধ দেওয়া হয়েছে। তাছাড়া নতুন সমস্যার মধ্যে কবির ফুসফুসে পানি জমেছে। কিডনি ও যকৃত এর অবস্থাও খুব খারাপ।

বাংলাভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানকে অসুস্থ অবস্থায় গত ৬ আগস্ট বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয় ।