২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদ ভবন নিয়ে অধ্যাপক মোবাশ্বের আলী রচিত বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ওপর অধ্যাপক এম মোবাশ্বের আলী রচিত ‘সমতটে সংসদ: বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি, লুই আই কান ও সংসদ ভবন’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা সংসদ ভবনকে প্রতি সপ্তাহে একদিন সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পৃথিবীর চার হাজার বছরের ইতিহাসে যে ১০০ টি স্থাপত্যকর্ম বিশ্বসেরার মর্যাদা পেয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তাদের মধ্যে অন্যতম। এই অসমান্য স্থাপত্যশিল্পের প্রকৃত সৌন্দর্য ও নান্দনিক দিকগুলো দেশের সাধারণ মানুষের দেখার সুবিধার্থে বক্তারা এই দাবি জানান।

গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনুস বইটির মোড়ক উন্মোচন শেষে বলেন, আমরা এখানো সংসদ ভবনের শিল্পমাধুর্যের প্রকৃত মূল্যায়ন করতে না পারলেও এই সংসদ ভবনটির কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সুপরিচিতি রয়েছে। দেশের মানুষেরা এখোনো কোনো সংকটে পড়লে সংসদ ভবনের সামনে মানববন্ধন রচনা করতে পারে বলেও ড. ইউনুস উল্লেখ করেন।

বইটির লেখক বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক মীর মোবাশ্বের আলী তার বক্তব্যে বলেন, ‘বুয়েটে আমার অধ্যাপনা কালে আমি এই অসামান্য ভবনটির নান্দনিকতার ওপর অনেক বক্তব্য রেখেছি। কিন্তু দেশের সর্বস্তরের জনগণের কাছে তা স্বাভাবিকভাবেই পৌঁছায়নি। এবারে তাদের কাছে সংসদ ভবনের সৌন্দর্য ও নান্দনিক দিকগুলো তুলে ধরার প্রয়াসেই আমি এই বইটি রচনা করেছি’।   

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের ডীন ডঃ শহীদুল আমিন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক অব্দুল্লাহ আবু সাইদ এবং দৈনিক প্রথম আলোর ডেপুটি এডিটর আনিসুল হক উপস্থিত ছিলেন।