মুক্তিযুদ্ধের ওপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : সেক্টর ভিত্তিক ইতিহাস’ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : ব্রিগেড ভিত্তিক ইতিহাস’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বই দুটি প্রকাশ করে। ১১টি সেক্টর ও ব্রিগেডের দলিলপত্র ও ইতিহাস পর্যালোচনা করে বই দুটি লেখা হয়েছে।
মোড়ক উন্মোচনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরিগুলোতে বই দুটি সহজলভ্য করে তোলার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বইটি প্রকাশের সঙ্গে জড়িত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রফেসর রেজাউল করিম, দুর্নীতি দমন কমিশনের সদস্য প্রফেসর মনিরুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মঈনুল হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রফেসর কেএম মহসিন, বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর আবুল কালাম মনজুর মোরশেদ, প্রফেসর জসিউদ্দিন আহমেদ এবং মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ইমাম-উজ-জামান উপস্থিত ছিলেন।
