‘সিনেমার মতই’ প্রথম দেখায় দীপিকার প্রেমে রণবীর
দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের মন দেয়ানেয়ার গল্পটা যেন সিনেমার মতই; সামনাসামনি প্রথমবার দেখেই দীপিকার প্রেমে পড়ে গিয়েছিলেন রণবীর।
তার ভাষায়, “এটা ঠিক যেন প্রথম দেখায় প্রেমে পড়ার মত ঘটনা।”
শুক্রবার নেটফ্লিক্সে রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলসের যে পর্বের প্রিমিয়ার হল, সেখানেই কথা বলছিলেন এ বলিউড তারকা।
রণবীর সিংকে আজকাল এই ‘ইনটু দ্য ওয়াইল্ড’ অ্যাডভেঞ্চার ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছে।
এই সিরিজে সার্বিয়ার গহীন বনে ঘুরে বেড়াচ্ছেন রণবীর। জঙ্গল থেকে দীপিকার জন্য দুর্লভ সার্বিকা রামোডা ফুল খুঁজে বার করা তার একমাত্র উদ্দেশ্য।
এরই এক ফাঁকে তার কাছে জানতে চাওয়া হয় দুজনের প্রথম দেখার সেই ক্ষণ নিয়ে।
২০১২ সালে ছিল দুজনের দেখা হওয়ার সেই মাহেন্দ্রক্ষণ। সে সময় সঞ্জল লীলা বানসালির গলিও কি রাসলীলা রামা-লীলা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর। এ সিনেমাতেই প্রথমবার দীপিকার সঙ্গে পর্দায় দেখা যায় তাকে।
“বানসালির বাড়িতে খাবার টেবিলে বসেছিলাম আমি। তিনি সাগর তীরে থাকেন। ওইদিক থেকে বাতাস আসছিল।
“আমি বসেছিলাম, স্ক্রিপ্ট পড়ার জন্য তৈরি একেবারে। আমি জানতাম দীপিকা আসবে। আমি ভেতরে ভেতরে অস্থির ছিলাম”, বললেন রণবীর।
সেদিন দীপিকা যেভাবে ঘরে ঢুকেছিলেন, তা আজও ভুলতে পারেন না তার স্বামী।
“আমি কখনোই ভুলব না, দরজার বাইরে বেল বাজল। আর আমি তাকিয়ে ছিলাম, কাঠের বড় দরজাটা খুলছিল, সেদিকে।
“দীপিকা সাদা জামা পরেছিল, আর ঠিক সেই মুহূর্তেই বাতাস উড়ে এল। মনে হয়, সময় যেন থমকে গেছে, ধীরে ধীরে চলছে। দীপিকা ঘরে ঢুকল, তার চুল উড়ছিল বাতাসে। তাকে সাদা পোশাকে অপরূপ দেখাচ্ছিল। ওটাই আমার জন্য সেরা মুহূর্ত ছিল।”
রণবীরকে চমকে দিতে বেয়ার গ্রিলস থেকে তার খুব কাছের বন্ধু ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা করণ কাপাডিয়াকে ফোন করা হয়। আর করণের কাছে ছিল রণবীরকে অনুপ্রেরণা দিতে দীপিকার পাঠানো অডিও বার্তা।
করণ কাপাডিয়া বলেন, শুরুতে রণবীর-দীপিকার প্রেম দেখে তার খুব হিংসে হয়েছিল।
“এটা খুবই বিরক্তিকর ছিল আমার জন্য, কারণ আমরা সবাই ভারতের সবচেয়ে সুন্দরী মেয়ে দীপিকার প্রেমে পাগল ছিলাম।
“আমরা জানতাম, ওরা দুজন জীবনসঙ্গী হবে শেষ পর্যন্ত। আমার তো মন ভেঙে গিয়েছিল, ভীষণ মন খারাপ ছিল সেদিন।”
দীপিকার কথা উঠতেই রণবীর বললেন, “ধৈর্যশীল এবং সবার ভালোবাসার একজন।”
সঙ্গে মজা করে বললেন, “দীপিকা আর আমি একসঙ্গে যেন আগুনের ফুলকি। এই উত্তাপ দুজনের মাঝে ছড়িয়েছিল সঙ্গে সঙ্গেই। আমাদের সম্পর্কের ছয় মাসের মধ্যে আমি বুঝেছিলাম, এ সেই, যাকে আমি খুঁজছি।”
যদিও রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন তাদের প্রেমের সম্পর্কের কথা দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। আর এসবের মধ্যে তারা রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবতের মত একেকটি ব্লকব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন।
২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন এই দুই বলিউড তারকা।
