২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্তকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাসকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 10:15 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম।

অর্থ লেনদেনের একটি প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ মামলার বাদী চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর দাবি, ২০১২ সালে তিনি যখন সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তখন ব্যবসার কথা বলে ওই সময়ে সমিতির সহসভাপতি সুদীপ্ত তার কাছ থেকে ২০ লাখ টাকা নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সম্পর্ক ভালো থাকার কারণে এবং ২০১৫ সালের মধ্যে লভ্যাংশসহ মূল টাকা ফেরত দেবেন বলে আমি ২০ লাখ টাকা দেই। এ ব্যাপারে আমাদের মধ্যে একটি ‘নন রেজিস্ট্রার’ চুক্তিও হয়।”

এরপর বারবার বলার পরও দীর্ঘদিন ধরে মূল টাকা ফেরতসহ লভ্যাংশ না দেওয়ায় ২০২১ সালের মাঝামাঝি সময়ে তার বিরুদ্ধে আদালতে ‘প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং হুমকির অভিযোগ’ এনে মামলা দায়ের করার কথা জানান সাইফুল।