মিক জ্যাগারের কোভিড, রোলিং স্টোনের শো বাতিল
রোলিং স্টোন ব্যান্ডের লিড ভোকালিস্ট মিক জ্যাগার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই আমস্টারডমের একটি শো বাতিল করার কথা জানিয়েছে ব্যান্ডটি।
মঙ্গলবার বিবিসি জানায়, নেদারল্যান্ডসের জোয়ান ক্রুইফ এরেনায় অনুষ্ঠেয় শোটি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে রোলিং স্টোন ‘গভীর দুঃখ প্রকাশ’ করছে এবং এই সূচি তারা পুনর্নিধারণ করা হবে বলে জানিয়েছে।
ভক্তদের উদ্দেশে এক বার্তায় ব্রিটেনের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্যার মিক জ্যাগার (৭৮) বলেছেন, “আপনাদের ধৈর্য্য ও বুঝতে পারার জন্য ধন্যবাদ।”
বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ইংলিশ ব্যান্ড রোলিং স্টোন বর্তমানে তার ৬০তম ট্যুরে রয়েছে, যেখানে ইউরোপের ১০টি দেশে ১৪টি শো করার পরিকল্পনা রয়েছে তাদের।
ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আমস্টারডমের বাতিল হওয়া শো-র পুনর্নিধারিত সূচি ঘোষণার পর আগের টিকিটটি ব্যবহার করতে পারবেন দর্শকরা।
ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “মিক জ্যাগার কোভিড পজেটিভ হওয়ায় আমস্টারডমের ইয়োহান ক্রুইফ এরেনার আজ রাতের কনসার্টটি বাতিল করতে বাধ্য হচ্ছে রোলিং স্টোন।
“অনুষ্ঠানস্থলে পৌছানোর পরপরই তার কোভিড উপসর্গ দেখা দেয়। আজ রাতের আয়োজন বাতিল করতে হওয়ায় রোলিং স্টোনস দারুনভাবে ব্যাথিত, তবে দর্শকশ্রোতা, সহকর্মী সঙ্গীত শিল্পী ও ভ্রমণে থাকা ক্রুদের নিরাপত্তাই এখানে অগ্রাধিকার পাচ্ছে।”
টুইটারে স্যার মিক লিখেছেন, “আমি খুবই দুঃখপ্রকাশ করছি যে, খুব স্বল্প সময়ের নোটিশে আমাদের আজ রাতের আমস্টারডামের শোটি বাতিল করতে হচ্ছে।
“দুর্ভাগ্যজনকভাবে আমি কোভিড আক্রান্ত হয়েছি। যতদ্রুত সম্ভব আমরা এই শোর পুনর্নিধারিত সূচি ঘোষণা করার লক্ষ্য রয়েছে আমাদের। আপনাদের ধৈর্য্য ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ। মিক।”
রোলিং স্টোনের এরপরের দুটি শো নির্ধারিত রয়েছে যুক্তরাজ্যে ২৫ জুন ও ৩ জুলাই। সঙ্গীত উৎসব বিএসটি হাইড পার্ক-এর অংশ হিসেবে সেখানে গান গাইবেন তারা।
এছাড়া আগামী ১০ দিনের মধ্যে সুইজারল্যান্ড ও ইতালিতেও শো করার কথা রয়েছে এই ব্যান্ডের।
