২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্ত বদল, কোক স্টুডিও বাংলা কনসার্ট রাত ৮টায় হতে পারে

বৃষ্টির বাগড়ায় কোক স্টুডিও বাংলা কনসার্ট স্থগিত ঘোষণার ঘণ্টাখানেক পর সিদ্ধান্ত বদলালেন আয়োজকরা; আবহাওয়া অনুকূলে থাকলে কনসার্ট হবে বলে জানালেন তারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 07:41 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

কোক স্টুডিও বাংলা কনসার্টের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুক্ষণ আগে কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে; বৃষ্টি না হলে রাত ৮টা থেকে কনসার্ট শুরু হবে।

“আয়োজনের পরিকল্পনা সামনে রেখে মাঠের পানি নিষ্কাশন ও লাইটিংয়ের কাজ করা হচ্ছে। আমরা আশা করছি, কনসার্ট শুরু করতে পারব। বৃষ্টি হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

ইতোমধ্যে দর্শকরা মাঠে ভিড় করছেন; আয়োজকরা বিষয়টি মাঠের দর্শকদেরও জানিয়ে দিয়েছেন।

ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট আয়োজনের প্রস্তুতির মধ্যে বিকালে তা স্থগিতের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তার ঘণ্টাখানেক পর আরেক ঘোষণা দিল কোকা কোলা বাংলাদেশ।

ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনের কথা রয়েছে; কনসার্টের পাশপাশি এ আয়োজনে ট্রফির সঙ্গে ছবিও তোলার সুযোগ থাকছে দর্শকদের জন্য।

কনসার্টে নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালনসহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতদের গাওয়ার কথা রয়েছে।