পরিচালককে বিয়ে করছেন নয়নতারা
দীর্ঘদিনের প্রেমিক, তামিল সিনেমার পরিচালক ও অভিনেতা ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকা অভিনেত্রী নয়নতারা।
বৃহস্পতিবার তামিলনাড়ু রাজ্যের মামাল্লাপুরামে বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন ভিগনেশ; সাত বছর ধরে প্রেম করেছেন আলোচিত এ জুটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিয়ের ঘোষণা দিয়ে ভিগনেশ জানান, তিরুপতি মন্দিরে বিয়ের পরিকল্পনা করা হলেও শেষ সময়ে এসে স্থান পরিবর্তন করা হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতি থাকবেন।
বিয়ের পর শনিবার সাংবাদিদের সামনে আসবেন তারা; তার আগে বিয়ের দিন বিকালেই বিয়ের ছবি প্রকাশ করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবি: নয়নতারার ইনস্টাগ্রাম থেকে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের বিয়ের দৃশ্য নির্মাতা গৌতম মেননের নির্দেশনায় ধারণ করা হবে; পরবর্তীতে তথ্যচিত্র হিসেবে তা নেটফ্লিক্সে প্রকাশ করা হবে।
২০১৫ সালে ভিগনেশের পরিচালনায় ‘রানুম রউডি ধান’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নয়নতারা; পরবর্তীতে একটি পুরস্কার বিতরণী আয়োজনে প্রথমবারের একসঙ্গে দেখা গেছে তাদের।
সাত বছরের প্রেমের সম্পর্কে খুব একটা লুকোছাপা করেননি এ জুটি; সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করেন তারা।
