ট্রেইলারে ‘হাওয়া’, মুক্তির ঘোষণা শিগগিরই
নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘হাওয়া’র ট্রেইলার প্রকাশ করা হয়েছে; শিগগিরই সিনেমার মুক্তির তারিখও ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
মঙ্গলবার প্রকাশিত ট্রেইলারে দেখা গেছে, মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি মাল্লা ও এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে।
‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত একালের রূপকথা; রূপকথা নির্ভর চলচ্চিত্রের প্রচলিত এই ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা।
মেজবাউর রহমান সুমনের কাহিনী ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।
চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ইতোমধ্যে চলচ্চিত্রটি দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে; শিগগিরই তারিখ ঘোষণা করা হবে।
সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
